কানাডায় মাস্টার্স: যা জানা জরুরি

Date: 2026-01-13
news-banner

উন্নত জীবনমান, সহজ অভিবাসন নীতি এবং প্রাকৃতির সৌন্দর্যের কারণে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার প্রধান গন্তব্য হয়ে উঠেছে কানাডা। দেশটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার মান বিশ্বমানের। তবে পারিপার্শ্বিক ও আর্থিক দিক বিবেচনা করলে বাংলাদেশ থেকে স্নাতক (অনার্স) শেষ করে মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ, এই পর্যায়ে বৃত্তির সুযোগ অনেক বেশি থাকে।

আবেদনের সঠিক সময়

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত সেপ্টেম্বর সেশনকে কেন্দ্র করে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সাধারণত আগের বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন সম্পন্ন করতে হয়। কিছু ক্ষেত্রে বিভাগভেদে সময়সীমা সামান্য কমবেশি হতে পারে। যত দ্রুত আবেদন করা যাবে, বিশ্ববিদ্যালয়ের বিশেষ স্কলারশিপগুলো পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।

প্রয়োজনীয় নথিপত্র

স্নাতকোত্তর বা পিএইচডিতে আবেদনের জন্য নিম্নলিখিত কাগজপত্রের স্ক্যান কপি প্রস্তুত রাখা প্রয়োজন:

  • অনার্স ও মাস্টার্সের মূল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (IELTS বা TOEFL)।
  • শিক্ষকদের কাছ থেকে সুপারিশপত্র।
  • উচ্চশিক্ষার বিস্তারিত পরিকল্পনা বা উদ্দেশ্যপত্র)।

একাডেমিক ও ভাষার দক্ষতা

আবেদন করতে হলে সাধারণত সিজিপিএ ৩.২৫ বা তার বেশি থাকা নিরাপদ। তবে সিজিপিএ যত ভালো হবে, ভর্তির সুযোগ তত উজ্জ্বল হবে। ইংরেজি দক্ষতার ক্ষেত্রে IELTS স্কোর ৬ থেকে ৭-এর মধ্যে থাকা প্রয়োজন। কিছু বিশ্ববিদ্যালয় 'মিডিয়াম অব ইনস্ট্রাকশন' (MOI) গ্রহণ করে, আবার বিশেষ কিছু বিষয়ের জন্য GRE বা GMAT-এর প্রয়োজন হতে পারে।

সুপারিশপত্র ও উদ্দেশ্যপত্র 

  • সুপারিশপত্র : সাধারণত ২-৩ জন শিক্ষকের কাছ থেকে এটি নিতে হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের ইমেইলে গোপনীয়ভাবে এই পত্র চাওয়া হয়। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রাতিষ্ঠানিক বা ভার্সিটি ডোমেইন ইমেইল ব্যবহার করা শ্রেয়।
  • উদ্দেশ্যপত্র : এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি কেন নির্দিষ্ট বিষয়ে পড়তে চান, কেন কানাডাকে বেছে নিলেন এবং ভবিষ্যতে আপনার লক্ষ্য কী– তা স্পষ্টভাবে ও সততার সঙ্গে তুলে ধরতে হবে।

আবেদন ফি ও আর্থিক সহায়তা

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন ফি ১৫০ থেকে ২৫০ ডলার হতে পারে। তবে আনন্দের বিষয় হলো, বাংলাদেশ নিম্ন বা মধ্যম আয়ের দেশ হওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় (যেমন: আলবার্টা বিশ্ববিদ্যালয়) এই ফি মওকুফ করে থাকে।

কানাডায় থিসিসভিত্তিক মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের শতভাগ ক্ষেত্রে বৃত্তি বা ফান্ডিং দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা সহকারী (RA) বা শিক্ষক সহকারী (TA) হিসেবে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করে। এ ছাড়া ভর্তির পরেও বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। নন-থিসিস কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে পড়তে হলেও সপ্তাহে নির্দিষ্ট সময় কাজের সুযোগ থাকে, যেখানে ন্যূনতম মজুরি ঘণ্টায় প্রায় ১৫ ডলার।

 অনেকের ধারণা, কানাডা শুধু বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যা ভুল। এখানে কলা, সামাজিক বিজ্ঞান, সংগীত, রাজনীতি, পাবলিক হেলথ থেকে শুরু করে ন্যানোটেকনোলজির মতো পাঁচ শতাধিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এমনকি বিষয় পরিবর্তন করে এক বিভাগের শিক্ষার্থী অন্য বিভাগেও পড়াশোনা করতে পারেন।

সফল প্রস্তুতির জন্য আরও কিছু জরুরি তথ্য

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের আগে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু কারিগরি ও ব্যবহারিক দিক রয়েছে, যা আপনার যাত্রাকে আরও সহজ করবে:
WES বা সমমানের ইভালুয়েশন: কিছু কানাডিয়ান বিশ্ববিদ্যালয় (বিশেষ করে টরন্টো বা ম্যাকগিল-এর মতো প্রতিষ্ঠান) আবেদনের সময় আপনার ডিগ্রির মান যাচাই বা 'Credential Evaluation' করতে বলে। World Education Services (WES)-এর মাধ্যমে আপনার রেজাল্টকে কানাডিয়ান গ্রেডিং পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক-দুই মাস সময় লাগতে পারে। তাই আবেদনের অন্তত তিন মাস আগে এটি শুরু করা বুদ্ধিমানের কাজ।

জীবনযাত্রার ব্যয় ও খণ্ডকালীন কাজ পড়াশোনার পাশাপাশি বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পান। ছুটির সময়ে পূর্ণকালীন (Full-time) কাজের সুযোগও থাকে। বড় শহরগুলোর তুলনায় (যেমন টরন্টো বা ভ্যাঙ্কুভার) ছোট শহর বা অন্য প্রদেশগুলোতে (যেমন আলবার্টা বা সাসকাচোয়ান) জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম, যা শিক্ষার্থীদের সঞ্চয়ে সহায়তা করে।

 [পিএইচডি শিক্ষার্থী, আলবার্টা বিশ্ববিদ্যালয়, কানাডা]

advertisement image

Leave Your Comments

Trending News