সিরাজগঞ্জ জেলা আদালত চত্বরে বিচারপ্রত্যাশী এক ব্যক্তিকে প্রকাশ্যে তুলে নেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আদালত এলাকায় প্রকাশ্য এমন দুঃসাহসী ঘটনায় আইনশৃঙ্খলা ও বিচার প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, আদালত চত্বরে উপস্থিত বিচারপ্রত্যাশী এক ব্যক্তিকে তাঁর প্রতিপক্ষের কয়েকজন জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আদালতের কাজে আসা অন্য মানুষ ও স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি প্রতিহত করেন। এক পর্যায়ে সুযোগ পেয়ে ওই বিচারপ্রত্যাশী দৌড়ে আদালত চত্বর ত্যাগ করে পালিয়ে যান।
ঘটনার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বিচারপ্রত্যাশীর নাম-পরিচয় কিংবা তিনি কোন মামলায় হাজিরা দিতে বা সাক্ষ্য দিতে আদালতে এসেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করা সাংবাদিক দুলাল হোসেন বলেন, আমি নিজেই ঘটনাটির প্রত্যক্ষদর্শী। আদালতের ভেতর এমন ঘটনা অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক।
সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী আব্দুল হামিদের মৃত্যুর কারণে রোববার আদালতের কার্যক্রম স্থগিত ছিল। ফলে আদালত বসেনি। কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানি বলেন, ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেখেছেন। বিজ্ঞ সিনিয়র আইনজীবীর মৃত্যুর পর সম্মানার্থে আদালত বসেনি। তার পরও আদালত চত্বরে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে সদর থানা পুলিশও কাজ করছে।
এ বিষয়ে সদর সার্কেল অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) নজরান রউফ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।