রাজধানীর শ্যামলীতে প্রিন্স বাজার সুপারশপে ছয় দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার এ পিঠা উৎসব উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে প্রিন্স বাজারের তিনটি শাখায় দুদিন করে চলবে এই পিঠা উৎসব।
গতকাল ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্স গ্রুপের পরিচালক কাজী মো. মানিক, কাজী মো. রতন, ব্যবস্থাপনা পরিচালক কাজী তোফাজ্জল হোসেন প্রিন্স, মডার্ন ট্রেড অ্যান্ড ইনস্টিটিউশনের হেড অব সেলস সালাউদ্দিন সাগর এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
১০ ও ১১ জানুয়ারি শ্যামলী শাখায়, ১২ ও ১৩ জানুয়ারি পল্লবী শাখায়, ১৪ ও ১৫ জানুয়ারি মোহাম্মদপুর শাখায় পিঠা উৎসব হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব।
পিঠা তৈরির কারিগররা জানান, একেক জেলার পিঠার ধরন একেক রকম। আবার একই ধরনের পিঠা এলাকাভেদে বিভিন্ন নামেও পরিচিত।
‘প্রিন্স বাজার পিঠা উৎসব-২০২৬’-এ অংশ নিয়েছেন ৯ জন নারী উদ্যোক্তা। তারা প্রত্যেকে নানা ধরনের পিঠা নিয়ে এসেছেন। তাদের প্রায় সবাই অনলাইনে বিভিন্ন নামে পিঠা নিয়ে সক্রিয়। তাদের ফেসবুক পেজ রয়েছে। এই রন্ধনশিল্পীদের বেশির ভাগই গৃহিণী। সাংসারিক কাজের পাশাপাশি তারা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সবাই শুরু করেছিলেন
শখের বশে।
গতকাল পিঠা উৎসবে আসেন ব্যবসায়ী আবুল খায়ের। তিনি বলেন, প্রতিবছর এই পিঠা উৎসবে আসেন। কারণ, এখানে বিভিন্ন জেলার অনেক পদের পিঠা পাওয়া যায়।
উদ্বোধনী বক্তৃতায় কাজী মো. মানিক বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার প্রচলনকে ধরে রাখতে প্রিন্স গ্রুপ প্রতিবছর উৎসবের আয়োজন করে। ব্যবসায়িকভাবে এই উৎসব লাভজনক নয়।
কিন্তু সংস্কৃতির টানে এ আয়োজন নিয়মিত করে প্রিন্স বাজার।
উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিচারক প্যানেলের দেওয়া নম্বরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে নির্বাচন করা হবে। দেশীয় উপকরণ, গুণগত মান, পরিবেশনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিবেচনায় নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার এই উদ্যোগ প্রশংসনীয়।
শীতের ঐতিহ্যবাহী পিঠার প্রচলনকে ধরে রাখতে প্রিন্স বাজার লিমিটেড ২১তমবারের মতো আয়োজন করেছে এই পিঠা উৎসব।
পুরস্কার প্রদান করা হবে আমা ফুল ক্রিম মিল্ক পাউডারের সৌজন্যে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, জাহিদ হাসান, জাকি উদ্দিন মজুমদার প্রমুখ।