রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে ‍যুবক নিহত

Date: 2026-01-13
news-banner

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত নুর কামাল ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামেই একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এদিন তার সঙ্গে ডাকাত সাদ্দাম গ্রুপের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

এডিআইজি কাউছার সিকদার জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এডিআইজি কাউছার সিকদার। 

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News