মঈনের চোখে বাংলাদেশের পরবর্তী ‘সুপারস্টার’ রিশাদ

Date: 2026-01-13
news-banner

বর্তমান বাংলাদেশ দলে সাকিব বা তামিমের মতো ‘বিশ্বমানের’ ক্রিকেটারের অভাব দেখছেন মঈন আলী। তবে এই হাহাকারের মাঝেই মঈনের বিশ্বাস, রিশাদ হোসেন হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলার যে সাহসী সিদ্ধান্ত রিশাদ নিয়েছেন, তাকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন মঈন। তার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে এই অভিজ্ঞতা রিশাদকে আরও পরিণত করবে।

গত আসরে ডাক পেলেও বিসিবির এনওসি জটিলতায় খেলা হয়নি। তবে এবার হোবার্ট হারিকেন্সের হয়ে শুরু থেকেই মাঠ মাতাচ্ছেন রিশাদ। বিপিএলের মায়া ত্যাগ করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এই লেগ স্পিনার নিজের জাত চেনাচ্ছেন। এখন পর্যন্ত ৮ ম্যাচে তুলে নিয়েছেন ১১ উইকেট। দলের হয়ে তার চেয়ে বেশি উইকেট (১২টি) আছে কেবল নাথান এলিসের। তার এমন পারফরম্যান্স নজর কেড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধাদেরও।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে আসা মঈন আলী রিশাদের প্রশংসা করতে কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘আমি মনে করি বিপিএল বাদ দিয়ে রিশাদের বিগ ব্যাশে যাওয়ার সিদ্ধান্তটা শতভাগ সঠিক ছিল। বিপিএল মিস করাটা দুঃখজনক হলেও অস্ট্রেলিয়ায় খেলে সে যা শিখবে, তা অমূল্য। ভবিষ্যতে সে বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ হয়ে উঠবে।’

রিশাদের ভবিষ্যৎ নিয়ে মঈন আরও যোগ করেন, ‘লেগ স্পিনার হিসেবে সে এখনো তরুণ, তবে তার প্রতিভা অসাধারণ। আমার মনে হয়, সে বাংলাদেশের পরবর্তী বড় তারকাদের একজন হবে। তাকে শুধু নিজের নামটা গড়ে তুলতে হবে।’

সাকিব, তামিম, মাশরাফি কিংবা মুশফিকদের সোনালি প্রজন্মের পর বাংলাদেশ দলে সত্যিকারের ‘ম্যাচ উইনার’ বা বিশ্বমানের তারকার সংকট দেখছেন মঈন। লিটন-তানজিদদের মাঝে প্রতিভা দেখলেও তাদের এখনো সাকিব-তামিমদের কাতারে রাখতে নারাজ তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News