ডিবি পুলিশ পরিচয়ে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

Date: 2026-01-07
news-banner

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক স্বর্ণ ব্যবসায়ী। গত রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানার রউফাবাদ হিলভিউ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিষয়টি জানাজানি হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নগরের হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার জানান, রোববার ভোরে তাঁর দোকানের কর্মচারী সবুজ দেবনাথ, পিন্টু ধর ও বিভাষ রায় গলানো সাড়ে তিনশ ভরি স্বর্ণ; অলংকার বানানোর জন্য রাজধানীর তাঁতিবাজারে নিয়ে যাচ্ছিলেন। তাদের বহন করা সিএনজি অটোরিকশাটি পাঁচলাইশ থানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা সাত থেকে আটজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর অস্ত্র ঠেকিয়ে স্বর্ণগুলো ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অভিযোগ করেছেন তিনি। 

পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম বলেন, ‘৩৫টি স্বর্ণের বার ছিনতাই হয়েছে বলে এক স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ করেছেন। কর্মচারীদের দিয়ে স্বর্ণগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন তিনি। তাদের যাওয়ার কথা ছিল আন্দরকিল্লা থেকে বায়েজিদ সংযোগ সড়ক হয়ে। কিন্তু কর্মচারীরা বলছেন, তারা আন্দরকিল্লা থেকে মুরাদপুর হয়ে রউফাবাদ হিলভিউ এলাকা হয়ে গেছেন। তারা ভিন্ন রাস্তায় কেন গেলেন এবং এই ঘটনায় কারা জড়িত তা বের করার চেষ্টা করছি।’

সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, ‘ডিবি সাদা পোশাকে অভিযান পরিচালনা করে না। কমিশনার স্যারের কঠোর নির্দেশ রয়েছে। এই ঘটনায় কারা জড়িত সেটি তদন্তে বেরিয়ে আসবে।’

advertisement image

Leave Your Comments

Trending News