ভারতে অনুপ্রবেশের পর বাংলাদেশি যুবকের মৃত্যু

Date: 2026-01-07
news-banner

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এর আগে ওই যুবক রোববার বিএসএফের হাতে আটক হন। বিএসএফের দাবি, অসুস্থতার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। 

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত ৪টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলাটোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। অন্যরা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়েন তিনি। আটকের পর রোববার সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয় নিহতের পরিবার।

এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ভোর রাতে কয়েকজনের একটি দল ভারতে যায়। তাদের কাছে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তার মৃত্যুও কারণটি এখনও অজানা।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে। খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। ক্যাম্পে নেওয়ার পর তাকে জামা-কাপড় দেওয়া হয়। কিছুক্ষণ পর খিচুনি দেখা দিলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ ফেরত পাওয়ার পরই ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। 

advertisement image

Leave Your Comments

Trending News