ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের কাছে ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান (২২) নামে ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। তিনি পাবনা সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। মরদেহ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে , দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.উমর ফারুক। তিনি জানান , বিষয়টি তদন্ত করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
বিস্ফোরণের পর থেকে কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনার বিষয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।