চাকরি হারালেন ম্যানইউ কোচ আমোরিম

Date: 2026-01-07
news-banner

ওল্ড ট্রাফোর্ডে টিকতে পারলেন না রুবেন আমোরিম। টানা ব্যর্থতা আর দলের বাজে পারফরম্যান্সের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে। নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের দেখা না পাওয়ার খেসারত দিতে হলো তাকে।

স্কাই স্পোর্টস জানিয়েছে, সোমবার সকালে ক্লাবের ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা আমোরিমকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপরই খেলোয়াড়দের বিদায় জানিয়ে ওল্ড ট্রাফোর্ডের অনুশীলন মাঠ ত্যাগ করেন তিনি।

আমোরিমের বিদায়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের ডাগআউটে দাঁড়াবেন তিনি।

বরখাস্ত হওয়ার ঠিক আগের দিন সংবাদ সম্মেলনে বেশ বিস্ফোরক মন্তব্য করেছিলেন আমোরিম। তিনি বলেছিলেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ‘ম্যানেজার’ হওয়ার জন্য, কেবল ‘কোচ’ হওয়ার জন্য নয়। তার এমন মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এল বিদায়ের ঘোষণা। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে হয়েছে যে, পরিবর্তন আনার এখনই সঠিক সময়। প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থেকে মৌসুম শেষ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হাগকে সরিয়ে আমোরিমকে দায়িত্ব দিয়েছিল ম্যানইউ। ১৪ মাসের এই মেয়াদে রেড ডেভিলসদের হয়ে ৬৩টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে জয় মাত্র ২৪টিতে। এর মধ্যে প্রিমিয়ার লিগে জয় এসেছে মাত্র ১৫ ম্যাচে।

চলতি মৌসুমে ইপিএলে ২০ ম্যাচ খেলে ৮ জয়, ৭ ড্র ও ৫ হারে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ধুঁকছে ম্যানইউ। বিশেষ করে শেষ পাঁচ ম্যাচে জয়হীন থাকায় শীর্ষ চারের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে দলটি।

advertisement image

Leave Your Comments

Trending News