পারলেন না সাকিব, এমিরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন ভাইপার্স

Date: 2026-01-07
news-banner

টানা দুই মৌসুম ফাইনালে হারের আক্ষেপ অবশেষে ঘুচল ডেজার্ট ভাইপার্সের। ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির ফাইনালে সাকিবদের এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভাইপার্স। ব্যাট হাতে এদিন ভালো খেললেও সাকিব বাঁচাতে পারেননি এমিরেটসকে। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাইরন পোলার্ডের দলকে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ডেজার্ট ভাইপার্স। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় এমিরেটস।

১৮৩ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে এমিরেটস। ৪ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর তিনে নামা সাকিব ও অধিনায়ক পোলার্ড মিলে প্রতিরোধের চেষ্টা করেন। তবে শেষ ৫ ওভারে জয়ের জন্য ৬৯ রানের সমীকরণ মেলানো সম্ভব হয়নি তাদের পক্ষে।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ২৭ বলে ৩টি চারে ৩৬ রান করেন তিনি, যা দলের পক্ষে সর্বোচ্চ। তবে বল হাতে ১ ওভারে ১০ রান খরচ করায় আর বোলিংয়ে আসেননি তিনি। অধিনায়ক পোলার্ড করেন ২৮ বলে ২৮ রান। 

এবারই প্রথম আইএল টি-টোয়েন্টিতে অংশ নিলেন সাকিব। আসরে মোট ৮ ম্যাচের ৫টিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১২২.৩৪ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১১৫ রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে (৩৮ রান), যেখানে তিনি ম্যাচসেরাও হয়েছিলেন। বল হাতে ৮ ইনিংসে ৬.১০ ইকোনমি রেটে শিকার করেছেন ৩ উইকেট।

advertisement image

Leave Your Comments

Trending News