সিলেটে বিপিএলের নিরাপত্তা দিতে পুলিশের অপারগতা

Date: 2026-01-05
news-banner

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে বিভাগের পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) গতকাল একটি চিঠি দিয়েছে তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেয় তারা। সিলেট বিপিএল থেকে পুলিশ প্রত্যাহার করার খবর সন্ধ্যা পর্যন্ত জানা ছিল না বিপিএল গভর্নিং কাউন্সিলের। 

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে চিঠির একটি কপি পাঠিয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়। মূলত জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ততা বাড়া এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগের পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। বিসিবিও বিকল্প নিরাপত্তার সন্ধান করছে। সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এই মুহূর্তে বিপিএল সিলেট থেকে সরানোর সুযোগ নেই। ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ খেলে ঢাকা পর্বে যেতে হবে। বোর্ড থেকে সব ধরনের বিকল্প খোঁজা হচ্ছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। আশা করি, সমস্যা হবে না।’

সিলেটে ২ জানুয়ারি বিপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। খালেদা জিয়ার প্রয়াণে দুই দিন খেলা বন্ধ রাখায় চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ রাখে গভর্নিং কাউন্সিল। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বিভাগের পুলিশ বিপিএলে দায়িত্ব পালন করতে পারবে কিনা, সে খোঁজ নেয়নি কেউ। ফলে পুলিশ আগের পরিকল্পনা মতো কাজ পরিচালনা করছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অগ্রাধিকার।

advertisement image

Leave Your Comments

Trending News