সহজে ও দ্রুত ছোট আকারের ভিডিও তৈরি এবং বিনিময়ের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত টিকটক ব্যবহার করেন। বাংলাদেশ থেকে এই প্ল্যাটফর্মে সর্বাধিক খোঁজা ভিডিওর তালিকা প্রকাশ করা হয়েছে। বছরজুড়ে ভ্রমণ, গান, খেলাধুলা থেকে শুরু করে শোবিজ তারকা, নাটক, সংবাদ ছাড়াও কয়েকটি বিষয়ের খোঁজ করেছেন স্থানীয় গ্রাহকরা। এসবই নয়; এতে কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায় রয়েছেন, কোথায় ঘুরতে যাওয়া যায় বা নতুন কিছু শেখা– এসব জানতে নিয়মিত সার্চ করেন আগ্রহীরা।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সার্চ করা শোবিজ তারকা হলেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান, তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়া। সর্বাধিক সার্চকৃত সংগীতশিল্পী রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ড সুমি, প্রীতম হাসান ও টেইলর সুইফট।
এই প্ল্যাটফর্মের নির্মাতার মধ্যে নুসরাত জাহান, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির ও ওমর অলওয়েজ অন ফায়ার রয়েছেন বর্ষসেরা সার্চের তালিকায়। তারকা খেলোয়াড়ের মধ্যে শীর্ষে করেছেন লামিনে ইয়ামাল, জায়ান আহমেদ, মুস্তাফিজুর রহমান, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
দর্শনীয় স্থান খোঁজার তালিকায় রয়েছে ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড, ফটিকছড়ির মিনি কাশ্মীর ও দুবাই। টিভি শো বা নাটকের মধ্যে রয়েছে অনুরাগের ছোঁয়া, কুসুম, কথা, ব্যাচেলর পয়েন্ট ও পরিণীতা।
সার্চ তালিকায় উল্লেখযোগ্য হচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ব্যালন ডি’অর, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন ও পুলিশের নতুন পোশাক।
শীর্ষে থাকা গানের তালিকায় আছে তাফসির শারনের সোনার তরী, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া চাঁদমামা (বরবাদ সিনেমা), ঈশান ও শুভেন্দু দাস শুভর গুলবাহার, মানু ও আনুরাল খালিদের ঝোল এবং ঋতুরাজ ও নন্দিতার বুলবুলি।
অন্যদিকে, এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন ও ফুল স্টেপ স্কিন কেয়ার– এসব বিষয় বেশি সার্চ করেছেন ভক্তরা। এই প্ল্যাটফর্মের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশন্স লিড উমেইস নাভিদ জানিয়েছেন, বিষয়ভিত্তিক ব্যাখ্যা, দ্রুত তথ্য ও পরামর্শ পেতে এখন সবাই আগ্রহী। বাংলাদেশিরা এমন কয়েকটি বিষয় জানতে আমাদের প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছেন।
বর্ষসেরা সার্চের তালিকা বলছে, কীভাবে এই প্ল্যাটফর্ম সবাইকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করছে। এর প্রতি সবার আগ্রহের যেন কমতি নেই।