ঢাকা ক্যাপিটালসের পর এবার সিলেট স্ট্রাইকার্সকেও পাত্তাই দিল না চট্টগ্রাম রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ঝড়ো ফিফটিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল দলটি।
১২৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৫ রান তুলে ম্যাচ শেষ করে দেন নাঈম ও রসিংটন। নাঈম ৩৭ বলে ৫২ রান করে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে রসিংটন ৫৩ বলে ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আনে। এতে ২৪ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত হয়। আসরে এটি চট্টগ্রামের তৃতীয় জয়।
এর আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের তোপে পড়ে স্বাগতিক সিলেট। পাওয়ার প্লের আগেই ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে তারা। তবে ওমরজাইয়ের ৪১ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় সিলেট। চট্টগ্রামের মির্জা তাহির বেগ ও মেহেদী হাসান ২টি করে উইকেট শিকার করেন।