তৃণমূলের যে স্বপ্ন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে
Date: 2026-01-04
‘লাল-সবুজ সোসাইটি’ এ নামেই যেন প্রকাশ পায় দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়! ২০১০ সালের ছোট একটা উদ্যোগের ফল বর্তমানের এই স্বেচ্ছাসেবী সংগঠন; যেটি দেশ-বিদেশে বিভিন্ন তৃণমূল কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন, কর্মশালা, প্রশিক্ষণসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে অন্তত দুই লাখ মানুষের সঙ্গে তাদের অধিকার নিয়ে কাজ করেছে। ‘এংগেজিং ইয়ুথ ফর পজিটিভ চেঞ্জ’ স্লোগানকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের ৭টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংগঠনটি।
যাত্রা শুরুর কথা
যুব নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, নাগরিক অধিকার, গণমাধ্যম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, শিশু সুরক্ষা, নারী ক্ষমতায়নবিষয়ক নানা কাজে শত শত কর্মসূচি করা এ সংগঠনটির যাত্রা হয়েছিল একজন তরুণের হাত ধরে। তাহসীন উদ্দীন, যার ছোট্ট উদ্যোগ বদলে দিয়েছে, মসৃণ করেছে হাজারো তরুণের পথচলা। ২০১০ সালে ‘লাল-সবুজ’ নামে বরিশাল থেকে প্রকাশিত মাসিক শিশুতোষ পত্রিকার মাধ্যমে লাল-সবুজ সোসাইটির বীজ বপণ করা হয়। ধীরে ধীরে এ মাসিক পত্রিকায় যুক্ত হতে থাকে স্থানীয় শিশু ও তরুণেরা। তাদের সম্মিলিত চিন্তা ও সৃজনশীল কাজ এবং প্রত্যয়ে সামাজিক চিন্তা ও দায়বদ্ধতার কথা ভাবিয়ে তোলে সবাইকে। ধীরে ধীরে মানুষের অধিকার নিয়ে কাজ করতে শুরু করে উদ্যমী তরুণেরা। যুক্ত হতে থাকে দেশের নানা প্রান্তের শিশু ও তরুণ। স্বপ্ন দেখে বড় কিছু করে সমাজ, কমিউনিটি ও দেশের ইতিবাচক পরিবর্তনের। তাদের এ স্বপ্নকে সাজিয়ে তুলতে ২০১৫ সালে ‘লাল-সবুজ ফাউন্ডেশন’ নামে প্রাতিষ্ঠানিক রূপ নেয় সংগঠনটি, যা পরে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনও পায়। ২০১৯ সালে সংগঠনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পায় লাল-সবুজ সোসাইটি নামে। যে মাসিক পত্রিকা তাহসীন সেদিন গড়েছিলেন, সেই মাসিক পত্রিকা বহু সংখ্যা পেরিয়ে আজ ডিজিটাল যুগে! ওয়েবসাইট, সামাজিক মাধ্যমগুলোতে এখন দৈনিক খবর সরবরাহ তাঁর সম্পাদিত ‘লাল-সবুজ প্রকাশ’ এবং তাঁর লাল-সবুজ সোসাইটি আজ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ভিনদেশে। বর্তমানে দেশের ৩৫ জেলায় আড়াই হাজারের অধিক তরুণকে সরাসরি যুক্ত করে কার্যক্রম পরিচালনা করছে এবং নেপালের কাঠমান্ডুতেও রয়েছে একটি দল, মালয়েশিয়াতেও নেতৃত্ব গঠন করে দল তৈরির প্রাথমিক কাজ কাজ সম্পন্ন করেছে সংগঠনটি।
তরুণ নেতৃত্ব ও গণমাধ্যম কর্মসূচি
দেশের ৩৫ জেলার হাজারো তৃণমূল তরুণের দক্ষতা বাড়ানো, নেতৃত্ব গঠনে নানাবিধ কার্যক্রম পরিচালন করে আসছে লাল-সবুজ সোসাইটি। তরুণদের নেতৃত্ব বিকাশে শত শত কর্মসূচির আয়োজন করে এ গুণাবলি অর্জনে সহায়তা করছে তারা। ‘লার্ন টু লিড’ প্রোগ্রামের মাধ্যমে শত শত তরুণকে দক্ষ করে গড়ে তুলছে এ সংগঠন। তরুণদের গণমাধ্যমের প্রতি আগ্রহী, মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট চেকিং এবং সরাসরি সংবাদপত্রের সঙ্গে যুক্ত করে সাংবাদিকতাভিত্তিক নানা কাজ করে আসছে এ সংগঠনটি। সংগঠনটি বর্তমানে ‘লাল-সবুজ প্রকাশ’ নামে একটি দৈনিক অনলাইন পোর্টাল পরিচালনা করে আসছে। এছাড়া ইয়ুথ জার্নালিস্ট ট্রেইনিং, খুদে লেখক কর্মশালা, জেন-জি বুটক্যাম্পসহ নানা প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে।
জলবায়ু পরিবর্তন
লাল-সবুজ সোসাইটির প্রতিটি তরুণ ও স্বেচ্ছাসেবক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বাস করে এবং এ নিয়ে ইতিবাচক কাজ করে থাকে। সবুজ বনায়ন, সবুজ-স্বচ্ছ ও দূষণমূক্ত পরিবেশ করতে লাল-সবুজ সোসাইটির আন্দোলন দীর্ঘদিনের। প্রকৃতিকে ইকো ফ্রেন্ডলি হিসেবে গড়ে তুলতে তারা নানা সময়ে অগণিত ইনিশিয়েটিভ গ্রহণ করেছে।
অর্জন ও স্বীকৃতি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও ইউএন ভলান্টিয়ার্স আয়োজিত বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে দেশের তৃনমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি পুরস্কার পান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসীন উদ্দীন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। আরও ছিলেন ক্লাইমেট ফোকাল আল মামুন রাকিব। এছাড়া দেশের প্রায় ২ লাখ মানুষের দক্ষতা বাড়ানো ও অধিকার নিশ্চিতে কাজ করা এবং প্রায় আড়াই হাজার তরুণকে সরাসরি যুক্ত করাও এ সংগঠনের বড় অর্জন।
আগামীর স্বপ্ন
স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসীন উদ্দীন বলেন, ‘ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সম্ভব। এই বিশ্বাসে লাল-সবুজ সোসাইটির পথচলা। আমরা একটি টেকসই সংস্থা হিসেবে লাল-সবুজ সোসাইটিকে গড়ে তুলতে চাই, যেখানে আরও অসংখ্য তরুণ স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের একটি পথ পায়। কোটি তরুণের বাংলাদেশে স্বেচ্ছাসেবী তরুণের সংখ্যা এখনও অনেক কম। আমরা চাই আরও বেশি তরুণ সমাজসেবায় যুক্ত হোক।’

