নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে বরযাত্রীদের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৩টার দিকে বন্দর থানা থেকে কিছুটা দূরে রূপালী ওয়াসা পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
রূপালী আবাসিক এলাকার বাসিন্দা হরি চন্দ্র দাস জানান, তাঁর বড় মেয়ে দিপা রানী দাসের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা থানার আব্দুল্লাহবাদ এলাকার বাসুদেব দাসের ছেলে নিরঞ্জন দাসের বিয়ে হয়। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের শুভলগ্ন ছিল শুক্রবার রাত আড়াইটায়। বিয়ে শেষে বরযাত্রী রাত ৩টার দিকে বাসা থেকে বের হয়ে তাদের আনা বাসে উঠতে যাচ্ছিলেন। তারা রূপালী ওয়াসা পাম্পের সামনে গেলে দুর্বৃত্তরা বরযাত্রীর লোকজন ও ব্রাহ্মণের গলায় অস্ত্র ঠেকিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।