চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিভিন্ন ভাষা ও ঘরানার কয়েকটি আলোচিত সিনেমা ও ওয়েব কনটেন্ট। নিচে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো–
হইচই
১ জানুয়ারি হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘রান্না বাটি’। ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ চক্রবর্তীর অভিনয়ে নির্মিত এই সিনেমাটি এক বাবা ও মেয়ের আবেগী সম্পর্কের গল্প। ব্যস্ত কর্মজীবনের কারণে মেয়ে মোহরের সঙ্গে সময় কাটাতে না পারা শান্তনু (ঋত্বিক) স্ত্রীকে হারানোর পর বুঝতে পারে সম্পর্কের শূন্যতা। রান্নার মাধ্যমে মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচানোর চেষ্টা করতে থাকে সে।
নেটফ্লিক্স
২ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘হক’। ইমরান হাশমি, ইয়ামি গৌতম ও শিবা চাড্ডার অভিনয়ে নির্মিত এই সিনেমাটি আশির দশকের মাঝামাঝি সময়ের একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। মৌখিক তালাকের শিকার সাজিয়া বানু সন্তানদের অধিকার আদায়ে আদালতে মামলা করেন। সেই মামলাই দেশজুড়ে আলোড়ন তোলে এবং ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।
একই প্ল্যাটফর্মে ৩১ ডিসেম্বর ২০২৫ মুক্তি পেয়েছে মালয়ালম সিনেমা ‘ইকো’। সন্দীপ প্রদীপ, ভিনিথ, নারায়ণ ও সৌরভ সচদেব অভিনীত এই সিনেমাটি ৫ কোটি বাজেটে নির্মিত হয়ে ৫০ কোটির বেশি আয় করেছে। এক নির্জন পাহাড়ে বিভিন্ন উদ্দেশ্যে আসা কয়েকটি চরিত্রকে ঘিরে রহস্য ও রোমাঞ্চের আবহে গল্প এগিয়ে যায়।

জিও হটস্টার
১ জানুয়ারি জিও হটস্টারে মুক্তি পেয়েছে তামিল সিরিজ ‘এলবিডব্লু: লাভ বিয়ন্ড উইকেট’। বিক্রান্ত, নিয়াথি কাদম্বি ও সিন্ধু শ্যামের অভিনয়ে সিরিজটিতে দেখা যায়– এক সময়ের ঐতিহ্যবাহী কিন্তু এখন ধ্বংসের মুখে থাকা একটি মফস্বল ক্রিকেট ক্লাবকে নতুন করে গড়ে তুলতে আসা কোচ রঙ্গনের সংগ্রামের গল্প। খেলোয়াড়দের অনীহা ও অব্যবস্থার মধ্যেও সে হাল ছাড়ে না।
প্রাইম ভিডিও
২ জানুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে স্প্যানিশ সিনেমা ‘ফলো মাই ভয়েস’। বার্টা কাস্তানে, ক্লদিয়া ট্রাইসাক ও ফার্নান্দো গুয়ালারের অভিনয়ে নির্মিত এই সিনেমাটি এক অসুস্থ কিশোরী ক্লারার গল্প। দীর্ঘদিন ঘরবন্দি থাকার সময় একটি রেডিও অনুষ্ঠানের উপস্থাপকের কণ্ঠে সে প্রেম খুঁজে পায়। দেখা না হলেও কণ্ঠের প্রতি ভালোবাসাই তাঁকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।