এই বছরে ঢালিউডের যেসব সিনেমায় নজর থাকবে
Date: 2026-01-03
বছর শেষ মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য নতুন হিসাব-নিকাশ। গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যার তুলনায় সাফল্যের খাতা ছিল বেশ পাতলা। ঈদকেন্দ্রিক কয়েকটি ছবি ছাড়া বক্স অফিসে তেমন আলোড়ন তুলতে পারেনি অধিকাংশ সিনেমা। তবে এর মধ্যে কিছু কাজ আলোচনায় এসেছে গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণে, যা নতুন বছরের প্রতি দর্শকদের প্রত্যাশাকে আরও উস্কে দিয়েছে।
সেই প্রত্যাশার জায়গা থেকে ২০২৬ সালকে ঘিরে ঢাকাই সিনেমায় বাড়তি নজর। নতুন বছরে বড় বাজেট, জনপ্রিয় তারকা ও ভিন্নধর্মী গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। কোনোটি শুটিংয়ের একেবারে শেষ ধাপে, আবার কোনোটি মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায়। ঢাকাই সিনেমার দর্শকদের জন্য আলোচিত এমন ১২টি সিনেমা নিয়ে এই আয়োজন
সোলজার
শাকিব খান অভিনীত 'সোলজার' পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের মিশেলে নির্মিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। নির্মাতা সূত্র জানায়, সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে।
রাক্ষস
সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি অভিনীত 'রাক্ষস' পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গেল বছরের একেবারে শেষ মুহূর্তে সিনেমাটির ফার্স্টলুক পোষ্টার প্রকাশ পেয়েছে। এরপর থেকে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। গেল বছর শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা হৃদয়। এবার রাক্ষসে সিয়ামকে নিয়ে বাজি ধরছেন তিনি। এতে অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন সিয়াম।
প্রিন্স
শাকিব খান অভিনীত এ বছরের অন্যতম আলোচিত সিনেমা 'প্রিন্স'। আবু হায়াত মাহমুদ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এতে আরও রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্রিয়েটিভ ল্যান্ড ফিলাসের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিনেমাটির শুটিং এখনও শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তাই সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে চলছে সংকট।
দম
রেদওয়ান রনি পরিচালিত 'দম' সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরীকে। কাজাখস্তানে শুটিং শেষে বর্তমানে বাংলাদেশে চলছে এর দৃশ্যধারণ। এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বনলতা এক্সপ্রেস
তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' মুক্তির অপেক্ষায় রয়েছে আসছে ঈদুল ফিতরে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধন। ভিন্নধর্মী গল্প ও অভিনয়ের কারণে সিনেমাটি নিয়ে প্রত্যাশা বেশ। গেল বছর এই নির্মাতার উৎসব সিনেমাটি সুপারডুপার হিট হয়; যার ফলে নির্মিত হচ্ছে বনলতা এক্সপ্রেস।
ট্রাইব্যুনাল
২০১১ সালে চট্টগ্রামে সংঘটিত এক নারী হত্যাকাণ্ড অবলম্বনে রায়হান খান নির্মাণ করছেন 'ট্রাইব্যুনাল'। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, নুসরাত ফারিয়া, আদর আজাদ প্রমুখ। রাশিদ পলাশ পরিচালিত 'রঙ বাজার' সিনেমায় অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, মৌসুমী হামিদ ও তানজিকা আমিন। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সবশেষে রয়েছে বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত 'বিদায়'। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মালিক
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত 'মালিক' সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমায় 'তারকাঁটা' ও 'সাপলুডু'র পর আবারও একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।
রইদ
মেজবাউর রহমান সুমন পরিচালিত 'রইদ' সিনেমার ট্রেলার প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর। ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। এরপর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত।
বনলতা সেন
সরকারি অনুদানে নির্মিত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত 'বনলতা সেন' সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাম ভূমিকায় রয়েছেন মাসুমা রহমান নাবিলা। ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা এই সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নাজিবা বাশার।
পিনিক
শবনম বুবলী ও আদর আজাদ জুটির তৃতীয় সিনেমা 'পিনিক'। জাহিদ জুয়েল পরিচালিত এবং ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ ও জয়িতা মহলানবীশ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

