কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুককে প্রার্থী করেছে বিএনপি। এখানে জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. জেহাদসহ আরও ৯ জন প্রার্থী আছেন।
হলফনামায় ওসমান ফারুকের বার্ষিক আয় দেখানো হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার টাকা। মুজিবুল হক চুন্নুর আয় দেখানো হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৫৮৬ টাকা। মুজিবুল হক চুন্নুর স্ত্রী রোকসানা কাদের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। আগের নির্বাচনে স্বামী-স্ত্রীর যৌথ আয় দেখানো হয়েছিল ১৭ লাখ ১১ হাজার ৪৫০ টাকা। সম্পদেও চুন্নু এগিয়ে। ওসমান ফারুকের মোট সম্পদ দেখানো হয়েছে ছয় কোটি টাকা। চুন্নুর মোট সম্পদ সাত কোটি ২৬ লাখ পাঁচ হাজার ৪৪১ টাকার।
হলফনামায় ড. ওসমান ফারুকের নগদ টাকা আছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। আছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। স্ত্রী রানা ফারুকের নামে আছে আট হাজার মার্কিন ডলার। করিমগঞ্জের বাড়ির মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা। যানবাহন ও অলংকারের মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থাবর সম্পত্তি আছে পাঁচ লাখ ৫০ হাজার ডলারের।