ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজারে নতুন বছর শুরু

Date: 2026-01-03
news-banner

নতুন বছরে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে ইতিবাচক ধারায়। বেড়েছে প্রায় ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর। এতে সূচকও উল্লেখযোগ্য বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৯৩ শতাংশ।  

বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, গত বছর শেয়ারবাজারে বিনিয়োগ থেকে প্রায় সবাই লোকসান করেছে। এ বছর রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফেরার আশায় বিনিয়োগকারীরা। সুষ্ঠু নির্বাচন শেষে রাজনৈতিক সরকার গঠিত হলে শেয়ারবাজারে ইতিবাচক উন্নতি হবে– এমন প্রত্যাশা তাদের। 
বছরের প্রথম দিনের সূচক বাড়লেও লেনদেনে ভাটা ছিল। গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে কেনাবেচা হয়েছে ৩৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৪ কোটি টাকা বেশি। একক খাত হিসেবে সর্বাধিক ৫১ কোটি ৮১ লাখ টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। একক কোম্পানি হিসেবে ওরিয়ন ইনফিউশনের প্রায় ২১ কোটি টাকার শেয়ার কেনাবেচা ছিল গতকালের সর্বোচ্চ।
ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৫৩টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫১টির দর বেড়েছে এবং কমেছে ৫৮টির।  বাকি ৪৪টির দর ছিল অপরিবর্তিত। তবে দরবৃদ্ধির শীর্ষে দুর্বল এবং  রুগ্‌ণ কোম্পানির প্রাধান্য দেখা গেছে। এ ছাড়া তালিকাভুক্ত ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে এবং কমেছে ছয়টির। বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৪৯১০ পয়েন্ট ছাড়ায়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। গতকাল সব খাতের কম-বেশি গড় শেয়ারদর বাড়লেও তুলনামূলক বেশি বেড়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, সিমেন্ট এবং কাগজ ও ছাপাখানা খাতের দর। 

advertisement image

Leave Your Comments

Trending News