ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মিচেল মার্শকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে চোটাক্রান্ত একাধিক তারকা ক্রিকেটারকে রেখেই দল সাজিয়েছে অজিরা।
দলে জায়গা পেয়েছেন চোটের সঙ্গে লড়াই করতে থাকা পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং হার্ডহিটার টিম ডেভিড। পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে মাত্র একটি টেস্ট খেলতে পেরেছেন কামিন্স। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নিশ্চিত করার আগে জানুয়ারিতে আবারও তার স্ক্যান করানো হবে। অন্যদিকে, একিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ মিস করা জশ হ্যাজলউডকেও রাখা হয়েছে বিশ্বকাপ ভাবনায়। এছাড়া বক্সিং ডে-তে বিগ ব্যাশ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টিম ডেভিডও আছেন ১৫ জনের দলে।
ভারত সফরের দলে না থাকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও কুপার কনলি ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন মিচেল ওন ও বেন ডারউইশ। দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে জশ ইংলিশকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।