বিকল লরিতে সোনারগাঁয়ে ১০ কিমি যানজট

Date: 2026-01-03
news-banner

নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাতে একটি মালবাহী লরি বিকল হয়। এতে সোনারগাঁয়ের কাঁচপুর সেতু থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। গতকাল বুধবার সকাল ১১টার দিকে লরিটি সরিয়ে নেওয়া হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে বিকেল প্রায় ৩টা বেজে যায়।
মঙ্গলবার গভীর রাতে মহাসড়কের মদনপুরে চট্টগ্রামগামী লেনে মালবাহী লরিটি বিকল হয়। এতে ওই লেন আংশিক বন্ধ হয়ে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। লরিটি না সরানোয় এক পর্যায়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে চট্টগ্রামগামী লেনে চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজট নিরসনে কাঁচপুর ও শিমরাইল হাইওয়ে পুলিশ চেষ্টা চালায়। 
বিকল হওয়া লরিটি গতকাল সকাল ১১টার দিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। তবে কয়েক ঘণ্টা ধরে মহাসড়ক বন্ধ থাকায় যান চলাচল শুরু হলেও গতি ছিল ধীর। ফলে এ যানজট বিকেল ৩টা পর্যন্ত গড়ায়। 

আসাদুল ইসলাম নামে এক বাসযাত্রী বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টার দিকে মদনপুর পর্যন্ত আসতে পেরেছেন তিনি। দুই ঘণ্টায় গন্ত্যব্যে পৌঁছানোর কথা; পাঁচ ঘণ্টায়ও যেতে পারবেন বলে মনে হচ্ছে না তাঁর।
বাউশিয়া এলাকার কাপড় ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর সেতুর ঢালুতে ছিলেন। দুপুর পর্যন্ত তিনি মদনপুর পৌঁছাতে পারেননি। মহাসড়কে গাড়ির চাপও বেশি ছিল। 

সায়দাবাদ থেকে ছেড়ে আসা হিমালয় পরিবহনের বাসচালক নুরুজ্জামান জানান, গভীর রাতে মহাসড়কে গাড়ি বিকল হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বিকল হওয়া গাড়িটি সরিয়ে নিতে দেরি করায় যানজট দীর্ঘ হয়। 
কাভার্ডভ্যান চালক মো. ইয়াসিন মিয়া জানান, রূপগঞ্জের রূপসী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়েছে তাঁকে। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, মদনপুর এলাকায় একটি লরি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক থেকে লরিটি দীর্ঘ সময় পর সরানোর কারণে যানজট তীব্র হয়ে যায়। ১১টার দিকে লরি সরিয়ে নেওয়ার পর ধীরগতিতে যান চলাচল শুরু হয়। 

Leave Your Comments

Trending News