সালাহউদ্দিনের নগদ আছে ১ কোটি ৩৫ লাখ টাকা

Date: 2026-01-03
news-banner

জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাঁর হাতে নগদ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা, আর ব্যাংকে জমা ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা। কোম্পানির শেয়ার ১৯ লাখ, সঞ্চয়পত্র ও আমানত রয়েছে ২৬ লাখ টাকার। তাঁর পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী ও ব্যবসায়ী।

সালাহউদ্দিন আহমেদের একটি প্রাইভেটকার ও দুটি শিপ রয়েছে, যার আনুমানিক দাম ৫৬ লাখ ৬০ হাজার টাকা। স্বর্ণ রয়েছে ১২.৩ তোলা, যার আনুমানিক দাম ৮০ হাজার টাকা। ৮ লাখ টাকার অধিক ইলেকট্রনিকস পণ্য ও আসবাব রয়েছে। আগ্নেয়াস্ত্র রয়েছে ৩টি।  

নির্বাচন কমিশনে জমা দেওয়া সালাহউদ্দিন আহমেদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। 

হলফনামার তথ্যমতে, সালাহউদ্দিন আহমেদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, যার অর্জনকালীন মূল্য ২ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৩৯৭ টাকা। অকৃষিজমি ১ দশমিক ৭৬ একর, যার অর্জনকালীন মূল্য ২৫ লাখ ৮৮ হাজার ৮৯৫ টাকা। পেকুয়ায় তাঁর রয়েছে তিনতলা বাসভবন, যার আর্থিক মূল্য ২ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ২৫৫ টাকা। ঢাকার গুলশানে রয়েছে ১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৭২০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট। এ ছাড়া পেকুয়ায় একটি মাছের খামারে বিনিয়োগ করেছেন ১৫ লাখ টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানে দুই লাখ টাকা।
কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ৬ লাখ ২০ হাজার টাকা; স্থাবর সম্পদ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা; মাছের খামার থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা; শেয়ার থেকে ১১ হাজার ৩২৬ টাকা; কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্য উৎস থেকে বার্ষিক আয় রয়েছে ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।

তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের নগদ রয়েছে ১০ লাখ টাকা; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭০ হাজার ১৭১ টাকা; কোম্পানির শেয়ার ৮ লাখ ৫০ হাজার টাকা; ডিপিএসে রয়েছে ১৯ লাখ ২ হাজার ৮৫২ টাকা। এ ছাড়া রয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা দামের একটি প্রাইভেটকার। তাঁর পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী।
জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের রয়েছে ৮ হাজার ৭২০ টাকা মূল্যের ৩ দশমিক ২৭ তোলা স্বর্ণ; ৪০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকস ও আসবাব। কোনো আগ্নেয়াস্ত্র নেই। তাঁর অন্য ব্যবসার মূলধন ১২ লাখ ৪৮ হাজার ৫৯২ টাকা ও অংশীদারি মূলধন রয়েছে ৪ লাখ ১০ হাজার ৭০৮ টাকা।
এ দুই প্রার্থীর হলফনামার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। 

Leave Your Comments

Trending News