বাংলাদেশ অর্থনীতি সমিতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। গত মঙ্গলবার এক শোকবার্তায় অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা, তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
অর্থনীতি সমিতি মনে করে, প্রয়াত খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ কারিগর। তাঁর নেতৃত্বে দেশে মুক্তবাজার অর্থনীতির উদারীকরণ বেগবান হয়। তাঁর সরকারের চালু করা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শিক্ষা খাতে এক মাইলফলক হয়ে আছে। বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে তিনি দেশের মানবসম্পদ উন্নয়নে যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি প্রভাব রেখেছে। তাঁর নেতৃত্বে সামাজিক নিরাপত্তাবেষ্টনী সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন ঘটিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের প্রতি প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। বাংলাদেশ অর্থনীতি সমিতির ভবন নির্মাণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁর সরকারের অবদান অর্থনীতিবিদরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর অবিচল মনোভাব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অসামান্য অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।