পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান কারাবন্দি অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার ভোরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল।
বাবুল খান স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ভাই ও খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক মো. শামসুল আলম খান জানিয়েছেন, তাঁর ভাই বাবুল খান আগে থেকেই অসুস্থ। তাঁর হার্টে সমস্যা ছিল। এই মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। বুধবার মাগরিবের নামাজের পর মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগ ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবুল খান কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
কারাগার সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে শফিকুল আলম বাবুল খানকে আটক করে কলাপাড়া থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেল সুপার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, বাবুল খান মঙ্গলবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার পর বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাদের দায়িত্বে থাকত। তিনি বরিশালে মারা গেছেন। তাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।