আট বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক

Date: 2025-12-31
news-banner

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবার সারাদেশে অবরোধের ডাক দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে আট বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, আজ রোববার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগে এই কর্মসূচি পালিত হবে। এদিকে শাহবাগে ৩৪ ঘণ্টা অবরোধের পর রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হাজির হয়ে হাদি হত্যার বিচার দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘ভারত থেকে আসামি ফেরত এনে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়া হবে। চার্জশিট থেকে রায়– সব ধাপেই দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে। দেশের মানুষ ন্যায়বিচার পাবে– এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

গত শুক্রবার জুমার নামাজের পর থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে সারারাত তারা সেখানে অবস্থান করে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে এলে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন তারা। এরপর আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের। 

শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘হাদির হত্যায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে। সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ৭ জানুয়ারির পর দ্রুত নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক অভিযোগপত্র দাখিল করা হবে।’ 

তিনি বলেন, ‘আমরা এমন একটি চার্জশিট দিতে চাই, যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে। তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও প্রমাণ যাচাই শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। এরপর অন্তর্বর্তী সরকারের সময়েই দ্রুত বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এ সময় উপদেষ্টা জানান, হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে, বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে।

রিজওয়ানা বলেন, ‘পালিয়ে গেলেই দায়মুক্তি নয়। প্রয়োজনে অনুপস্থিতিতেও বিচার প্রক্রিয়া এগোবে। একই সঙ্গে যারা ভারতে আশ্রয় নিয়েছে বলে ধারণা, তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের সামনে দাঁড় করানোর চেষ্টা করছি।’

তদন্ত-সংক্রান্ত তথ্য আপাতত প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। তাই তদন্তের স্বার্থে কিছু বিষয় এখন বলা যাচ্ছে না। তবে ডিবি পুলিশ আগামীকাল (আজ) সকাল ১০টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাবে।’

শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা  বলেন, ‘এই নৃশংস হত্যার বিচার আমরা বিলম্বিত করতে চাই না। চার্জশিট থেকে রায়– সব ধাপেই দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে। দেশের মানুষ ন্যায়বিচার পাবে– এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এর আগে রাত পৌনে ৮টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি যে লড়াইটা শুরু করেছিলেন, সেটা সাংস্কৃতিক লড়াই। আমরা বাংলাদেশপন্থি সব সাংস্কৃতিক সংগঠনকে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা), সাইমুম, সসাস (সমন্বিত সাংস্কৃতিক সংসদ), কলরবসহ প্রতিটি সংগঠনকে আমরা আহ্বান জানাই– আমাদের এই লড়াইয়ে আপনারা এসে সমবেত হোন।’

জাবের বলেন, ‘আমরা প্রশাসনকে জানিয়েছি, রাতে প্রয়োজনে আপনারা চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করেন। এখানে কে কী উদ্দেশ্য নিয়ে আসছে, আমরা জানি না। গতকাল আমরা দেখেছি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল না। শাহবাগ থানা এখানে। কেউ এসে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, এর জন্য আপনারাও দায়ী থাকবেন।’

জাবের বলেন, ‘আপনারা দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি শুধু থানায় বসে থাকেন এবং এখানে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, এর দায় আপনারা এড়াতে পারবেন না।’ 

অবরোধ না তোলার বিষয়ে বলেন, ‘এখানে ড. ইউনূসও যদি আসেন এবং আমাদের অবরোধ তুলে নিতে বলেন, আমরা অবরোধ তুলব না। অবরোধ অবরোধের মতো থাকবে, আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমরা শুধু শুনব তারা কী বলতে চায়, সিদ্ধান্ত তো আমরা নেব।’
গতকাল শনিবারও রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ দেন। এদিন দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে নানা কর্মসূচি পালিত হয়।   

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাপ ছড়িয়ে পড়ে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর থেকেই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ এই কর্মসূচি শুরু করবেন। শুক্রবার সারারাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেন। আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সারাদেশে বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে শনিবার বিকেলে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় নিউমার্কেট মোড়ের একপাশে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে যানজট দেখা দেয়। সকাল থেকে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ফেসবুক পেজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় চট্টগ্রামেও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এরপরই বিকেলে নিউমার্কেট মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশ তরুণ-তরুণী।

সিলেট ব্যুরো জানায়, শনিবার বিকেলে ইনকিলাব মঞ্চ সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সিলেট শহীদ মিনারের সামনের রাস্তায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তারা ওসমান হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। এর আগেও একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। 

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর তালাইমারী মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকে রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তিসহ ছাত্র-জনতা। শনিবার সন্ধ্যায় শহরের ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমবেশে মিলিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, একই দাবিতে অবস্থান র্কমসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ ও রংপুরের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরে এই কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

advertisement image

Leave Your Comments

Trending News