প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন করেছেন কর্তব্যরত সাংবাদিকরা।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা গেছে। বিপুলসংখ্যক পাঠক এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। যারা এ ধরনের ঘটনার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। পত্রিকা দুটি প্রকাশিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যারা কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের থামিয়ে রাখা যাবে না।