দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাঁকে শপথ পড়াবেন।
বিষয়টি গতকাল সমকালকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘রোববার (আজ) সকাল ১০টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পড়াবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে গেছেন। এদিন তাঁর চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।
জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। ২০২৮ সালের ১৭ মে তিনি অবসরে যাবেন। তাঁর বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী, মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।