গণভোট নিয়ে সরকার কার্যকর প্রচার চালাচ্ছে না

Date: 2025-12-31
news-banner

সংস্কার ইস্যুতে প্রস্তাবিত গণভোট নিয়ে সরকার পর্যাপ্ত প্রচার চালাচ্ছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, গণভোট সম্পর্কে সরকারের প্রচারণার অভাব রয়েছে। আমরা তাদের বলেছি এ বিষয়ে প্রচার করতে। এ নিয়ে সুজন নিজেরাও প্রচার চালাবে। গণভোট যাতে পাশ হয় সেটি আপনারা দেখবেন। কারণ গণভোট পাশ না হলে আমরা আগের অবস্থাতেই রয়ে যাব। 

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুজন সম্পাদক। ‘কোন পথে নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক এই সভার আয়োজন করে সুজনের নারায়ণগঞ্জ জেলা শাখা। 

বদিউল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে আমারও সন্দেহ আছে। কারণ আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম, তার অনেকগুলো গ্রহণ করা হয়নি। হতাশা আছে। তবে হাল ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমি সংস্কার কমিশনে থাকলেও কোনো পারিশ্রমিক নেইনি। সংস্কার কমিশনের জন্য আমার নাম ঘোষণার আগে জানতামও না আমাকে নেওয়া হচ্ছে। 
তিনি বলেন, নির্বাচনই গণতন্ত্র না। নির্বাচন হলো গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে কিনা, এটা আমাদের সবার নজর রাখতে হবে। 
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, মনে হচ্ছে নির্বাচন কমিশন ও সরকার যেনতেন একটা নির্বাচন করে ফেলতে চাইছেন। নির্বাচন কমিশন তাদের কাজ যথাযথভাবে করতে ব্যর্থ হচ্ছে। কেন্দ্র দখল হবে না কীভাবে আমরা বলব? আমাদের হাজার হাজার কেন্দ্র কে পাহারা দেবে? পুলিশ? যে পুলিশ ২০০ মানুষ দেখলে দৌড় দেয়? তাই নির্বাচন সুষ্ঠু করা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। তবে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে বর্তমান যে অস্থিরতা সেটি কেটে যাবে। 

মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মিথ্যা দিয়ে যে জিনিস শুরু, সেটা কতটা ভালো হতে পারে। আমাদের নির্বাচনের শুরুটাই হয় মিথ্যা দিয়ে, মানুষকে বাধ্য করা হয় মিথ্যা বলতে। ভোটার প্রতি ১০ টাকা করে এমপি প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে নারায়ণগঞ্জে প্রতি প্রার্থীর ব্যয়সীমা ২৫ থেকে ৪০ লাখ টাকা। এই টাকায় কি আমাদের দেশে নির্বাচন সম্ভব? বাস্তবসম্মত একটা খরচ নির্ধারণ করা উচিত ছিল। কিংবা খরচ যাতে বেশি করতে না হয়, তেমন পদ্ধতি তৈরি করা দরকার ছিল। 
দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের কথা বলছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, কিন্তু তারা নিজেরাই গণতন্ত্র মানে না। তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, কিন্তু দুইজনকে ডিঙিয়ে তৃতীয় জনকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। 

জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু ও ভবানী শংকর রায়, কমিউনিস্ট নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ। 

advertisement image

Leave Your Comments

Trending News