শীতের এই মায়াবী দিনগুলোতে রং মেখে পড়ে থাকা আপনি নিশ্চয়ই ভাবেন গ্রামের কথা। দরদ দিয়ে ঠিকই আঁচ করতে পারেন, শীত বেশ জাঁকিয়ে পড়ে গ্রামে। এ সময় বৃষ্টির পানির মতো ঝিরঝিরে কুয়াশা পড়ে। শৈত্যপ্রবাহও বয়ে যায় মূলত গ্রামের ওপর দিয়ে। হাড়কাঁপুনি শীতে আপনি আমি তো লেপ-কম্বল-কমফোটার তলায় ঢুকে থাকি।
নিজেকে গরম রাখি। বাইরে বেরোতে রাজ্যের আয়োজন। তাতে শীত আমাদের নাগাল পায় না। মাথার সঙ্গে কান, নাক, মুখ ঢেকে রাখি। তবে দেশের জনসাধারণ সবাই কি গরম কাপড় পরে শীতকে এমন থোড়াই কেয়ার করতে পারে? খুব কম মানুষেরই সে ক্ষমতা আছে। বেশির ভাগ মানুষই শীতে নাকাল। অনেক মানুষের তো মাথার ওপর ছাদ পর্যন্ত নেই। সে যাই হোক, শীতে নাকাল হওয়া এসব মানুষের সাহায্যে প্রতি বছর কেউ না কেউ এগিয়ে আসে। ক্যাম্পাস, অফিস কিংবা পাড়ার বন্ধুদের সঙ্গে নিয়ে আপনিও শীতের এ সময় শীতবস্ত্র বিতরণ করতে পারেন। যারা আগে শীতবস্ত্র বিতরণ করেছেন কিংবা নতুন বিতরণ করতে চান তারা প্রস্তুতি নিতে পারেন–
যেভাবে প্রস্তুতি
শীতের ডানায় চোখ রেখেই বাংলার নাতিশীতোষ্ণ আবহাওয়া ধরা যায়। অগ্রহায়ণের শেষ এবং পৌষের শুরুর দিনগুলোয় একটু হিমহিম ঠান্ডা আমেজ কাজ করে। শীতের এই শিশুবেলা থেকেই শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি শুরু করতে পারেন।
আপনিও আসেন এগিয়ে
শীতাক্রান্ত অসংখ্য মানুষের পাশে এখন অনেকেই এগিয়ে আসেন। গড়ে তোলেন শীতবস্ত্র বিতরণ সংগঠন। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সেনাবাহিনীসহ নানা প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণের খবর দেখি-পড়ি আমরা। তবে এতসব সংগঠন ছাপিয়ে উঠে আসা তরুণরা তাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা সংগঠন ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠন তো ছুটেই চলছে তরুণদের হাত ধরে। আপনি কোন পথে হাঁটবেন।
শীতবস্ত্র জোগাড়
শীতবস্ত্র নানাভাবে জোগাড় করা যায়। কেউ ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করেন। কেউ সংগঠনের মাধ্যমে, আবার কেউ পাড়া বা মহল্লার বাড়ি বাড়ি গিয়ে অথবা
বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র-ছাত্রীনিবাস থেকে পুরোনো গরম কাপড় জোগাড় করেন। পর্যাপ্ত সংগ্রহের পর বাছাই করতে হবে। নারী, শিশু আর পুরুষদের গরম কাপড় আলাদা করতে হবে। আলাদাভাবে প্যাকেট করতে হবে। প্যাকেট করার আগে কাপড়গুলো ভাঁজ করে নিতে পারেন।
শর্ট নোট
যাত্রা শুরুর আগে ঠিক করুন দেশের কোন অঞ্চলের মানুষকে সাহায্য করবেন। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষই সাধারণত শীতে কষ্ট পান বেশি। এ অঞ্চলের মানুষ তুলনামূলক দরিদ্র বেশি! তাই সবার আগে এসব এলাকার খোঁজ-খবর নিন।
যেভাবে বিতরণ
পুরোনো কাপড় জোগাড়ের পর যে এলাকায় বিতরণ করবেন, শুরুতে সে এলাকার মানুষের সংখ্যা জেনে নিন। যখন বুঝবেন বিতরণের জন্য যথেষ্ট কাপড় জোগাড় হয়েছে, তখন পথে হাঁটুন।