নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা বর্ণিল আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগরের লাইমলাইট গ্রামার স্কুলে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে গত বুধবার সকালে অনুষ্ঠানের পর্দা ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি। প্রধান শিক্ষক সুরাইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গার্হস্থ্য অথনীতি সিটি করপোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলম আখতার, বিশেষ অতিথি ছিলেন লাইমলাইট গ্রামার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও এলজিএস ট্রাস্টের সভাপতি অধ্যাপক মো. খুরশিদ আলম।
প্রধান অতিথি ড. শফিউল আজম শফি বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের হাতেই নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে আমাদের। সন্তানরা যাতে খারাপ পথে না যায় সে জন্য অভিভাবকদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। পাশাপাশি স্মার্টফোনের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে।’ অধ্যক্ষ আলম আখতার বলেন, ‘মানসম্মত পড়ালেখার পাশাপাশি লাইমলাইট গ্রামার স্কুলে বছরজুড়ে খেলাধুলাসহ নানা সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক।’
সহকারী প্রধান শিক্ষক জহুর উদ্দীন জহির ও সিনিয়র শিক্ষিকা নাহিদ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণিভিত্তিক মেধাবীদের ফলাফল তুলে দেন অতিথিরা।
এ ছাড়া তিন শতাধিক শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক পর্যায়ে পারদর্শিতার জন্য এবং বিভিন্ন ইভেন্টে জয়ী ১২ জন অভিভাবক ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।