বিজিবির সহায়তায় দুর্গম বিদ্যালয়ে শুরু হলো পাঠদান

Date: 2025-12-31
news-banner

দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এক পাহাড়ি জনপদের নাম আরান্দিছড়া। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই  জনপদের শিশুদের একমাত্র পাঠশালা দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল জীর্ণ। ভাঙাচোরা ঘরে ছিল না পাঠদানের পরিবেশ। শিক্ষার্থীদের কাছে ছিল না শিক্ষা উপকরণও।

এ অবস্থায় বিদ্যালয়ে পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে মানবিক সহযোগিতায় হাত বাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গত মঙ্গলবার বাবুছড়া ৭ বিজিবির পক্ষ থেকে দেওয়া হয় ঢেউটিন, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী। নির্মাণ উপকরণ দিয়ে বিদ্যালয়ের জীর্ণ ঘরটিকে আবার মেরামত করা হয়। এতে পাঠদানের পরিবেশ ফিরে পাওয়ায় খুশি  বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। 

বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ শিক্ষক ও অভিভাবকদের তুলে দেন এসব নির্মাণ সামগ্রী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন চাকমা ও জোনাকি চাকমা জানান, বাঁশের বেড়া আর গাছের খুটিতে নির্মিত বিদ্যালয় ভবনটি ছিল জরাজীর্ণ। ছিল না পাঠদানের মত কোনো পরিবেশ। এমতাবস্থায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার হাত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 
বাবুছড়া ৭ বিজিবির পক্ষ থেকে দেয়া হয়  ঢেউটিনসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। একই দিন সীমান্তবর্তী এই এলাকায় পরিচালনা করা হয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিতরণ করা হয় শিক্ষা ও খেলাধুলা সামগ্রী। সীমান্ত অপরাধ ও নিরাপত্তা নিশ্চিত করতে করা হয় জনসচেতনতামুলক সেমিনার। এ বিষয়ে বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত অপরাধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতার কোনো বিকল্প নেই। তাই এ বিষয়ে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের কল্যাণে মানবিক সহযোগিতায় কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

advertisement image

Leave Your Comments

Trending News