রাতে চুলে তেল মেখে ঘুমালে লাভ না ক্ষতি
Date: 2025-12-31
চুল ভালো রাখার জন্য অবশ্যই তেল মালিশ করার প্রয়োজন। বিশেষজ্ঞরাও সেই কথাই বলেন। তাহলে চুল ভালো থাকে। কিন্তু অনেকের স্ক্যাল্পের নানা সমস্যার কারণে এবং চুলের সমস্যার জন্য অনেক সময় চিকিৎসকরা তেল না মাখার পরামর্শ দেন।
প্রতি সপ্তাহে নিয়মিত স্ক্যাল্পে তেল মালিশ করলে পরিবর্তন আপনারই চোখে পড়বে। কিন্তু এই তেল মাখা নিয়ে আমাদের সবার মধ্যে কিছু ভুল ধারণাও আছে। আর সেই ভুল ধারণা মেনে কাজ করে গেলে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না।
যেমন অনেকেই মনে করেন, সারা রাত তেল স্ক্যাল্পে রাখলে বুঝি ভালো উপকার হয়। কিন্তু আদৌ কি তাই? চলুন জেনে নেওয়া যাক।
সারা রাত তেল মেখে রাখা উচিত?
আপনিও কি সারা রাত চুলে তেল মেখে রেখে দেওয়ার কথা ভাবেন? তাহলে এই কাজটি আর করবেন না। কারণ, এটি আপনার চুলের বারোটা বাজাতে খুব বেশি সময় নেবে না।
একাধিক চিকিৎসক সেই বিষয়ে সতর্ক করেন।
কেন সারা রাত তেল মেখে রাখা উচিত নয়
চুলে তেল লাগানোর পরে কিন্তু চুলের গোড়া এমনিই দুর্বল হয়ে যায়। এই জন্য চুলে তেল লাগিয়ে আঁচড়াতেও নিষেধ করেন বিশেষজ্ঞরা। কারণ এই সময় হালকা টান দিলেই চুল উঠে আসতে পারে। একইভাবে চুলের গোড়া এতটাই দুর্বল থাকে যে ঘষা খেলেও চুল ভেঙে যেতে পারে।
স্ক্যাল্পে তেল লাগানো থাকলে তা বেশি ধুলা ময়লা টানে। তাই শোওয়ার পর বালিশের ধুলো, ময়লা আপনার চুলে ও স্ক্যাল্পে আটকে যেতে পারে। তা খুবই স্বাভাবিক। লাভের থেকে ক্ষতি হবে বেশি। আপনি একদিনে হয়তো তা বুঝতে পারবেন না। কিন্তু দিনের পর দিন এরকম চলতে থাকলে চুলের নানা সমস্যাই হতে থাকবে।
কখন তেল লাগাবেন
প্রতিদিন চুলে তেল লাগানো উচিত বলে অনেকেই মনে করেন! কিন্তু এটাও খুব ভুল একটা ধারণা। আসলে আমাদের প্রত্যেকের স্ক্যাল্পের ধরন আলাদা আলাদা। কারো স্ক্যাল্প অয়েলি তো কারো ড্রাই। তাই আপনার স্ক্যাল্পের ধরন বুঝে নিয়ে তারপরই তেল লাগানো উচিত। কখনো বেশি তেল মাখারও প্রয়োজন নেই। আবার একেবারেই কম নয়। সামঞ্জস্য রেখে প্রয়োজন অনুযায়ী তেল মাখুন।
আপনার চুল পাতলা এবং স্ক্যাল্প রুক্ষ হলে সপ্তাহে অন্তত তিন দিন তেল মাখুন। ঘন চুল হলে এবং স্ক্যাল্প তৈলাক্ত হলে, সপ্তাহে অন্তত একদিন তেল মাখুন। শ্যাম্পু করার অন্তত ১ ঘণ্টা আগে তেল লাগিয়ে নিন। তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। যাতে আপনার স্ক্যাল্প পরিষ্কার হয়ে যায়।
কতটা পরিমাণে তেল লাগানো উচিত
অনেকে মনে করেন মাথায় অনেকটা তেল লাগালে চুল ভালো থাকবে। এটি আসলে ভুল ধারণা। কিন্তু এর মতো ভুল আর করবেন না। কারণ, এর জন্যই আপনার চুলের বারোটা বাজছে! তেল অবশ্যই লাগান, কিন্তু পরিমাণ মতো লাগান।
স্ক্যাল্পের ও চুলের তেলের প্রয়োজন রয়েছে। তবে তার পরিমাণও ঠিক করা আছে। অনেকটা পরিমাণে তেল লাগালে শ্যাম্পুও অনেকটা লাগাতে হয়। যা আসলে চুলের জন্য খারাপ। এত এত তেল লাগালে চুলের ক্ষতিই হয় বেশি। আপনার চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী পরিমাণ মতো তেল নিয়ে মাসাজ করুন।
কিভাবে তেল লাগাবেন
অনেকেই মনে করেন, স্ক্যাল্পে বা মাথার তালুতে নয় আসলে চুলেই বেশি করে তেল লাগানো দরকার। একেবারেই ভুল। আসলে চুল তো আর বাতাস থেকে পুষ্টি পায় না! চুল পুষ্টি পায় আপনার স্ক্যাল্প থেকেই। চুলের গোড়ায় ও স্ক্যাল্পে ভালোভাবে তেল মাসাজ করলেই চুলও পুষ্টি পাবে। আর এই হিসেবটা খুবই সহজ। তাই এরপর থেকে এটা মাথায় রাখুন।
এ ছাড়া স্ক্যাল্পে মাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। যা আপনার চুলের জন্য খুবই ভালো। স্ক্যাল্পে তেল না লাগিয়ে শুধু চুলে তেল মাখলে উপকার পাবেন না। তাই স্ক্যাল্পে প্রথমে ভালো করে তেল মাসাজ করে নিন এবং তারপর বাকি তেল চুলে ও চুলের ডগায় লাগিয়ে নিন।

