শিশুদের স্কুলে যাওয়া-আসা হোক কিংবা বড়দের অফিস, অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় মোজা পরে থাকেন। এর ফলে পায়ে দাগ বসে যায়। কারো কারো ক্ষেত্রে পা ধোয়ার আগেই ওই দাগ মিলিয়ে যায়। আবার কারো কারো পায়ে দাগ থেকে যায় অনেকক্ষণ।
আপনারও কি এমন হয়? মোজা খোলার পরেও যদি ঘণ্টার পর ঘণ্টা পায়ে দাগ থেকে যায়, তাহলে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাবেন না। বরং আজই সাবধান হোন। কারণ, এই দাগ বড়সড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। চলুন, জেনে নেওয়া যাক, কাদের পায়ে মোজার দাগ স্বাভাবিক—
বিশেষজ্ঞদের মতে, মোজা পরে হাঁটলে এই সমস্যা তুলনামূলক কম হয়।
দীর্ঘক্ষণ মোজা পরে একই জায়গায় দাঁড়িয়ে থাকলে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। পা ঝুলিয়ে বসে থাকলেও সমস্যা তৈরি হয়। আবার বেশি শক্ত ইলাস্টিকের মোজা পরলে এই সমস্যা হয়। কারণ, তা পায়ের নরম ত্বকে আটকে বসে থাকে।
আবার কারো পা তুলনামূলক মোটা হলে তাদেরও মোজার দাগ বসে যাওয়া চিন্তার কিছু নয়। পা ফুলে যাওয়া এবং মোজার দাগ হওয়ার সমস্যা যদি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনার পায়ে দাগ বসে যাওয়ার পর বেশি উজ্জ্বল ও মসৃণ দেখায়, তবে সাবধান হোন।
মোজার দাগ পরার পাশাপাশি পায়ের পাতায় আঙুল দিয়ে টিপলে যদি গর্ত হয়ে যায়, তবে কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। শিরা-উপশিরায় রক্ত চলাচলের সমস্যা দেখা দিলে মোজার দাগ পায়ে বসে যেতে পারে।
বেশিক্ষণ মোজার দাগ পায়ে বসে থাকা কিডনি, লিভার ও হৃদরোগের ইঙ্গিত হতে পারে। ঘুম থেকে উঠেও যদি দেখেন পা ভুলে রয়েছে, তাহলে অবশ্যই সতর্ক হোন। পায়ের ত্বকের রং পরিবর্তন হয়ে গেলে আজই চিকিৎসকের পরামর্শ নিন।
পায়ে মোজার দাগ বসে যাওয়ার সমস্যা দূর করে কয়েকটি ঘরোয়া কৌশল অবলম্বন করতে পারেন। সেগুলো হলো—
নরম ইলাস্টিক দেওয়া সুতির মোজা ব্যবহার করুন। একটানা দীর্ঘক্ষণ বসে থাকবেন না। মাঝে মাঝে হাঁটাচলা করুন। অতিরিক্ত লবণ খাবেন না। বেশি করে পানি পান করুন। ঘরোয়া এসব কৌশলেও মোজার দাগ বসে যাওয়ার সমস্যা থেকে রেহাই না পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।