আমাদের স্বাস্থ্যের জন্য ফলমূল অত্যন্ত উপকারী হলেও বর্তমানে বাজার থেকে কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে পেঁপের মতো ফল, যা দ্রুত পাকানোর জন্য অনেক সময় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বাজারে আনা হয়।
বাইরে থেকে দেখতে সুন্দর, উজ্জ্বল ও আকর্ষণীয় হলেও এই ধরনের পেঁপে শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। কিভাবে বুঝবেন যে পেঁপেতে রাসায়নিক মেশানো হয়েছে কি না, তা জানাতেই আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক—পেঁপেতে ব্যবহৃত রাসায়নিক
অনেক ক্ষেত্রেই পেঁপে পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইডের মতো বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিক ফলকে কৃত্রিমভাবে দ্রুত পাকিয়ে তোলে। কিন্তু এর ফলে ফলের স্বাভাবিক গুণ নষ্ট হয়ে যায়।
নিয়মিত এমন পেঁপে খেলে পেটের সমস্যা, বমি ভাব, মাথা ঘোরা এমনকি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে।
তাই বাজার থেকে পেঁপে কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি।
প্রথমত, পেঁপের রং ও গঠনের দিকে ভালো করে নজর দেওয়া দরকার। রাসায়নিকভাবে পাকা পেঁপে সাধারণত খুব উজ্জ্বল হলুদ বা গাঢ় কমলা রঙের হয়। এর গায়ে প্রায় কোনো প্রাকৃতিক দাগ বা আলাদা রং দেখা যায় না।
দেখতে একেবারে নিখুঁত মনে হলেও সেটাই সন্দেহের প্রথম কারণ হওয়া উচিত। স্বাভাবিকভাবে পাকা পেঁপেতে সাধারণত হালকা হলুদ, সবুজ ও কমলার মিশ্রণ থাকে এবং কোথাও কোথাও দাগ বা রঙের হেরফের দেখা যায়, যা পেঁপে প্রাকৃতিকভাবে পাকার লক্ষণ।
এরপর পেঁপের গন্ধের দিকে খেয়াল করাও খুব গুরুত্বপূর্ণ। প্রাকৃতিকভাবে পাকা পেঁপের একটি হালকা, মিষ্টি ও সতেজ গন্ধ থাকে, যা খুব সহজেই নাকে আসে। অন্যদিকে রাসায়নিকভাবে পাকা পেঁপেতে প্রায়শই কোনো স্বাভাবিক ফলের গন্ধ থাকে না, বরং একটি অদ্ভুত বা কেমিক্যালের মতো গন্ধ অনুভূত হয়।
অনেক সময় এই ধরনের পেঁপে কাটার পরও তার স্বাভাবিক মিষ্টি গন্ধ পাওয়া যায় না।
স্বাদও পেঁপে শনাক্ত করার একটি বড় উপায়। প্রাকৃতিক পেঁপে খেতে মিষ্টি ও রসালো হয়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপে অনেক সময় তিক্ত বা অস্বাভাবিক স্বাদের হয়। প্রথম কামড়েই যদি জিভে অস্বস্তি লাগে বা স্বাদ ঠিক না মনে হয়, তাহলে সেই পেঁপে না খাওয়াই ভালো।
পেঁপে হাতে নিয়ে আলতো করে চাপ দিলে আরো একটি বিষয় বোঝা যায়। রাসায়নিকভাবে পাকা পেঁপে বাইরে থেকে অত্যন্ত নরম হয়ে থাকে। সামান্য চাপ দিলেই আঙুলের দাগ বসে যায় এবং ভেতরটা অনেক সময় অতিরিক্ত নরম বা স্পঞ্জের মতো লাগে।
স্বাভাবিকভাবে পাকা পেঁপে কিছুটা নরম হলেও তা অতটা ঢলে পড়ে না এবং চাপ দিলে দ্রুত আগের অবস্থায় ফিরে আসে।
বর্তমানে ভেজাল ফল একটি বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু দাম বা রং দেখে ফল কেনার পরিবর্তে একটু সচেতন হওয়াই সবচেয়ে ভালো উপায়। সম্ভব হলে মৌসুমি ফল কিনুন, খুব বেশি চকচকে বা অস্বাভাবিক রঙের ফল এড়িয়ে চলুন এবং বাড়িতে এনে ফল ভালো করে ধুয়ে নিন।
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিরাপদ খাদ্য নির্বাচন অত্যন্ত জরুরি। সামান্য সতর্কতা ও সচেতনতার মাধ্যমে আপনি নিজে যেমন সুস্থ থাকতে পারবেন, তেমনই আপনার পরিবারের সদস্যদেরও ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে রক্ষা করতে পারবেন।