যমুনা ফিউচার পার্কের মোবাইল ফোনের মার্কেট অনির্দিষ্টকাল বন্ধ

Date: 2025-12-28
news-banner

এনইআইআর সংক্রান্ত দাবিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য বারবার আহ্বান জানানো হলেও কোনো কার্যকর সাড়া না পাওয়ায় দেশের মোবাইল ব্যবসায়ীরা কঠোর অবস্থানে যেতে শুরু করেছেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ দেশের বেশ কয়েকটি মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর যমুনা ফিউচার পার্ক শাখার ব্যবসায়ীরা এ কর্মসূচির ঘোষণা দেন। সংগঠনের নেতাদের ভাষ্য, এনইআইআর বিষয়ক দীর্ঘদিনের জটিলতা নিরসনের জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে তারা সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বাস্তব উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা দোকান বন্ধ রেখে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে দোকান বন্ধ রেখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত ব্যবসায়ীরা চলমান পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল বুধবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন অসংগতি ও কারিগরি সমস্যার কারণে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন বাজারে বিক্রি করতে গিয়ে নানান জটিলতার সৃষ্টি হচ্ছে। এর ফলে শত শত দোকানদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত এই সমস্যার কার্যকর সমাধানের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মোবাইল মার্কেট বন্ধের এই সিদ্ধান্তে বিপুলসংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিও গ্রহণ করা হবে।

advertisement image

Leave Your Comments

Trending News