পীরগঞ্জে বাবা-ছেলেসহ ঝরল ৩ প্রাণ, আহত ১২
Date: 2026-02-06
রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে পীরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক (৫০), তাঁর ছেলে আরাফাত সানি সানভী (২২) ও রাহিমা আক্তার মুন্নি (৩৫)। এর মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারানো মুন্নি গাজীপুর জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক থেমে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঠিক ওই সময় পেছন থেকে গাজীপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান একজন।
গুরুতর আহতাবস্থায় আব্দুর রাজ্জাককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বড়দরগাহ হাইওয়ে থানা ও রংপুর রিজিয়নের পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
রায়গঞ্জে ট্রাকপাচায় দম্পতি নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকপাচায় অটোভ্যান দুমড়েমুচড়ে এক দম্পতি নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের চাপায় অটোভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয় এবং অন্য যাত্রীরা আহত হন। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে তদন্ত শুরু করেছে।
মধুখালীতে ছাত্রদল নেতাসহ নিহত ২
ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সরকারি আইনউদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান মুন্না (২০) ও জয়নাল মোল্লা (৬৫)। মুন্না মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। জয়নাল মোল্লার বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ফরিদপুর চিনিকলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন মুন্না। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মুন্না মারা যান। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান জয়নাল মোল্লা।
টেকনাফে বাস-টমটম সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় টমটমচালক সাবের মিয়া লালু মারা গেছেন। আহত হয়েছেন টমটমের অন্তত ৮ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবের মিয়া হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক সাবের মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন টমটমের অন্য যাত্রীরা।
(সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্য)

