লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান।
ওদিকে তারেক রহমানের অপেক্ষায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে রয়েছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)।
এই দলের সঙ্গে রয়েছেন ইথুন বাবু, সাজ্জাদ হোসেন পলাশ, গামছা পলাশ, পরান ও অন্য শিল্পী সদস্যরা। এ সময় সদস্যেদের সবাইকে একই রঙের, একই ডিজাইনের পাঞ্জাবি ও শাড়ি পরে থাকতে দেখা যায়।
তারেক রহমান দেশে পৌঁছার পর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই দোয়া মাহফিলেও অংশ নেয় জাসাস।
এরপর ইথুন বাবু বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম। আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দয়া করবেন।