বুধবার থেকে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক

Date: 2026-02-04
news-banner

আগামী বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক। দুই দিনব্যাপী আলোচনায় যুদ্ধ বন্ধে বাস্তব ও মর্যাদাপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ইউক্রেন ‘গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত’ এবং বৈঠকের ফলাফল অবশ্যই যুদ্ধের সমাপ্তির দিকে এগোতে হবে।

জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় সব পক্ষের উপস্থিতি জরুরি। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় বৈঠকের ফলাফলের দিকে নজর রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত– স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই দফার বৈঠকে অংশ নেবেন না। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে সম্ভাব্য শান্তি আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলার মাত্রা কিছুটা কমেছে। দীর্ঘদিনের যুদ্ধের মধ্যে ইউক্রেন এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন শীত পার করছে। কিয়েভে তাপমাত্রা শূন্যের নিচে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় শহর ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে রাশিয়া প্রতিশ্রুতি রাখে কিনা, সেদিকে নজর রাখছে  কিয়েভ। তিনি স্পষ্ট করেন, দুই দেশের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। রাশিয়া হামলা বন্ধ রাখলে ইউক্রেনও পাল্টা হামলা চালাবে না। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, পুতিন এক সপ্তাহের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত হয়েছেন। তবে ক্রেমলিন এ বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেয়নি।

ইউরোপীয় রাজনীতিতেও এই ইস্যুতে ভিন্নমত দেখা যাচ্ছে। নেদারল্যান্ডসের নতুন প্রধানমন্ত্রী রব জেটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর প্রস্তাবের বিরোধিতা করেছেন। অন্যদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ২০২৭ সালের মধ্যে ইউক্রেনের ইইউ সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা ইউরোপীয় রাজনীতিতে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করছে।

advertisement image

Leave Your Comments

Trending News