জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় তারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। যদিও জামায়াত বলেছে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে শনিবার রাতে এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে নারীদের নিয়ে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এক্সে ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়।
এর প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের নেতারা জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নারীদের প্রতি জামায়াত-শিবিরের দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় নারীর বিষয়ে তাদের কার্যকলাপের চূড়ান্ত বাস্তব পরিণতি আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখলাম।’
তিনি বলেন, ‘দাবি করা হচ্ছে– এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যদি তাই হতো, তাহলে ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে, তাৎক্ষণিক জানানো হয়নি? দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর উনারা বলছেন, আইডি হ্যাক হয়েছিল।’
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘অনেকে বলছেন তাঁর আইডি হ্যাক হয়েছে। আমরা বলছি, উনার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন। ...তিনবার নির্বাচন করে সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন তিনি। এখন তাঁর নিজ এলাকার মানুষই তাঁকে গুরুত্ব দেয় না বলেই তিনি ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে আসছেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম প্রমুখ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।