নিজেকে আড়াল করে নায়িকাকে সামনে আনলেন সিয়াম, শ্রীলঙ্কার সমুদ্রপাড়ে ‘রাক্ষস’-এর গান

Date: 2026-02-02
news-banner

শ্রীলঙ্কার সমুদ্রতীরে সূর্যাস্তের পটভূমিতে দাঁড়িয়ে আছেন নায়ক সিয়াম আহমেদ। তাঁর কাঁধে মাথা রেখে পাশে দাঁড়িয়ে এক তরুণী। তরুণীকে স্পষ্ট দেখা গেলেও নায়কের মুখ সূর্যাস্তের দিকেই ফেরানো। ছবির সেই তরুণী আসলে টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। দৃশ্যটি ‘রাক্ষস’ সিনেমার একটি গানের অংশ।

শ্রীলঙ্কা থেকেই গানের দৃশ্যের এই ছবিটি প্রকাশ করেছেন সিয়াম। জানা গেছে রোমান্টিক গান এটি। গেয়েছেন ইমরান মাহমুদুল ও দোলা। 

গত ১৫ জানুয়ারি থেকে সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন তিনি। জানা গেছে, ‘রাক্ষস’-এর শুটিং ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পাবে সিনেমাটি।

প্রচার নিয়েও বেশ সতর্ক সিয়াম। নিজের লুক আপাতত গোপন রেখে তিনি নায়িকাকেই সামনে এনেছেন। ভিন্নভাবে উপস্থাপনার এই কৌশল ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় ভিন্ন এক লুকে দেখা গিয়েছিল সিয়ামকে। পোস্টার ও সিনেমা—দুটিতেই ছিল অন্যরকম উপস্থিতি। এবার ‘রাক্ষস’-এ তাঁকে দেখা যাবে পুরোপুরি মারকাটারি এক চরিত্রে। সে কারণেই শুটিংয়ে কোনো ছাড় দিতে নারাজ নায়ক। সিয়াম বলেন, রাক্ষসের টিম খুবই গোছানো। সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। দর্শকদের ভালো কিছু দিতে আমরা কোনো ছাড় দিচ্ছি না।”

‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার শুটিং এখন শেষের পথে। পরিচালক জানান, আর দুই–তিন দিনের মধ্যেই শ্রীলঙ্কার অংশের কাজ শেষ হবে। এরপর ৪ বা ৫ ফেব্রুয়ারির মধ্যে ইউনিট ঢাকায় ফিরে বাকি শুটিং সম্পন্ন করবে।

সিনেমাটি নিয়ে হৃদয়ের ভাষ্য, ‘রাক্ষস’ মূলত একটি অন্ধকার জগতের গল্প। এখানে থাকবে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। সিনেমায় সুস্মিতাকে দেখা যাবে আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের এক তরুণীর চরিত্রে। সিয়ামের চরিত্র প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ওটা পর্দায় দেখার আমন্ত্রণই থাকল।’

গত বছরের শেষ দিকে ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হয়। পরে ইউনিট পাড়ি জমায় শ্রীলঙ্কায়। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন।

advertisement image

Leave Your Comments

Trending News