রাফাহ সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল

Date: 2026-02-02
news-banner

প্রায় দুই বছর পর গাজা ও মিশরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। এ সীমান্ত ক্রসিং দিয়ে অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন জানিয়ে আসছিল। পরীক্ষামূলক নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার ইসরায়েল ওই ক্রসিংটি খুলে দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চলাকালে শনিবার গাজার উত্তর ও দক্ষিণ অংশে তেল আবিবের একাধিক বিমান হামলায় ৬ শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ ক্রসিংটি খোলা হল। খবর আল-জাজিরার 

ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে, ‘পাইলট অভিযান’ হিসেবে রোববার সকাল থেকে গুরুত্বপূর্ণ এ ক্রসিংটি চালু আছে। সোমবার থেকে ক্রসিংটির দুই দিকেই লোক যাতায়াতের সুযোগ দেওয়া হবে বলেও আশা করা হচ্ছে।

আপাতত প্রতিদিন এ ক্রসিং দিয়ে দেড়শ জন গাজা ছাড়তে পারবেন, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন ৫০ জনের মতো, বলেছে তারা।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে এক নিরাপত্তা সূত্র বলেছে, রোববার গাজার কোনো বাসিন্দার রাফা ক্রসিং পার হওয়ার সম্ভাবনা নেই।

ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট বলেছে, এ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশের অনুমতি কেবল সেই ফিলিস্তিনিরাই পাবেন যারা দুই বছরের যুদ্ধের সময় ভূখণ্ডটি ছেড়ে চলে গিয়েছিলেন। গাজায় ঢোকার আগে তাদের ইসরায়েলের কাছ থেকে নিরাপত্তা অনুমোদনও নিতে হবে।

আর মিশরের অনুরোধে কেবল অসুস্থ আর আহতরাই তাদের সঙ্গীসহ গাজা ছাড়ার অনুমতি পাবেন।

advertisement image

Leave Your Comments

Trending News