রাজের সঙ্গে বিচ্ছেদে কি তৃতীয় পক্ষের হাত ছিল, জানালেন পরীমণি

Date: 2026-02-02
news-banner

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তা নিয়ে নেটিজেনদের প্রশ্ন ও কৌতূহলের শেষ নেই । অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পরীমণি নিজেই।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই তৃতীয় পক্ষের প্রসঙ্গ নিয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি।

পরীমণি বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”

বিনোদন জগতে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও উল্লেখ করেন পরীমণি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।”

পরীমণি ও শরিফুল রাজ। ছবি: ফেসবুক

এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন অভিনেত্রী। পরীমণি বলেন, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।”

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেতা শরিফুল রাজ। একই সঙ্গে তাদের বিয়ের খবরও জানান তিনি। পরীমণিও সে সময় নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন এবং সন্তানের বাবা শরিফুল রাজ। দুজনের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। পরে ২০২২ সালের ১০ আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

এরপর বিভিন্ন বিষয় নিয়ে রাজ ও পরীমণির মধ্যে মনোমালিন্য দেখা দিলেও একাধিকবার তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর সংসারে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছাড়েন।

474476271_1202228314597262_3722559577544392292_n_1769944087.jpg

পরবর্তীতে আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সংবাদমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সবকিছু মিলিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে।

প্রসঙ্গত, অনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এই দুই তারকা। সর্বশেষ পরীমণিকে ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতার সিনেমায় দেখা গেছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ নামের দুই সিনেমা।

অন্যদিকে শরিফুল রাজকে বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ সিনেমায়।

advertisement image

Leave Your Comments

Trending News