বিএনপি প্রার্থীসহ ২২৫ নেতাকর্মীর নামে খুনের মামলা

Date: 2026-02-02
news-banner

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে নিহতের স্ত্রী মারজিয়া (৩৪) ঝিনাইগাতী থানায় এ মামলা করেন। এতে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর এ আসনে বিএনপি নেতাকর্মী-সমর্থকদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার ধানের শীষের প্রচারণা কিছুটা সীমিত আকারে হয়েছে। সন্ধ্যার পর ঝিনাইগাতী উপজেলার প্রধান নির্বাচনী কেন্দ্রটি ফাঁকা ছিল। নলকুরা ইউনিয়নের বনকুড়ায় ধানের শীষের পথসভাটি সন্ধ্যার পর হওয়ার কথা থাকলেও তা রাত সাড়ে ৮টায় শুরু হয়। প্রার্থী রুবেল সকালে ঝিনাইগাতী উপজেলায় একটি মতবিনিময় অনুষ্ঠান করেছেন। রাতে শ্রীবরদী পৌর শহরে ধানের শীষের পক্ষে একটি মিছিল হয়েছে।

বিএনপি নেতাদের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী হত্যা মামলায় আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ (৬০), যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান (৪৮), সদস্য সচিব মো. লুৎফর রহমান (৫৭), উপজেলা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ (৪৫) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ (২৮)।
এ ছাড়া মামলায় শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল (৫৫), সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল (৪৮), পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল (৪৮), সদস্য সচিব এস এম সোহান (৪৫), উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি (৪০), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়া রাফির নাম রয়েছে।

মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে শ্রীবরদীর কুড়িকাহনিয়ার ফিরোজ খান নুন, সদরের ফরিদুজ্জামান, ঝিনাইগাতীর কাংশার আতাউর রহমান ও নলকুড়ার রুকুনুজ্জামান ওরফে জামানকে আসামি করা হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা বিএনপি, শ্রীবরদী ও ঝিনাইগাতীর ১৭ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের।
বিএনপি নেতাদের দাবি, জামায়াত পরিকল্পিতভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি ও কর্মীদের নামে মিথ্যা মামলা করেছে।
এ ব্যাপারে শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল বলেন, ‘ঘটনার দিন এলাকায় ছিলাম না। অথচ আমার নামে মামলা হয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নির্বাচনের সঙ্গে জড়িত সব নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল বলেন, ‘আমাদের দাবি, যারা অপরাধী তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে এরা নির্বাচনে প্রভাব বিস্তার করবে।’
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানকে প্রশ্ন করা হয়, প্রধান আসামি বিএনপি প্রার্থীকে গ্রেপ্তার করা হলে নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ ব্যাহত হবে কিনা? এর উত্তরে তিনি বলেন, ‘উনি যেহেতু একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাই এ ধরনের একজন ব্যক্তিকে আইনের আওতায় আনা হলে জনগণ আশ্বস্ত হবে। তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে।’
শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, ‘জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে এ হত্যা ঘটিয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন তাদেরকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলেছে। কিন্তু তারা কথা শোনেনি। বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে।’

ডা. শফিকুর রহমানের সফর
আজ রোববার সকালে শেরপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সফর করার কথা। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলন করে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা বলেন, জামায়াত নেতা হত্যা মামলায় পুলিশ আসামিদের ধরতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
গত ২৮ জানুয়ারি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে   নিহত হন রেজাউল করিম।

advertisement image

Leave Your Comments

Trending News