জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বিপদে পড়বে। এতে দেশও ভয়ানক পরিস্থিতির মুখে পড়বে।
গতকাল শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা
বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলতে চাই– আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান করি। তবে তিনি একটি বড় ভুল করেছিলেন। আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে এনে তিনি একটি ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। যে দল বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারও রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন দিতে হয়েছে। আমরা দেখেছি, খালেদা জিয়াকে জীবনের শেষ দিনগুলো কতটা কষ্টের মধ্যে কাটাতে হয়েছে।
গণভোট বিষয়ে তিনি বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এ সময় বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান এনসিপির মুখপাত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. জাহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছেন। কেন্দ্র দখল, মারামারি ও হানাহানির মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে– এ দৃশ্য তারা আর দেখতে চায় না। আপনারা কেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে– এটি নিশ্চিত করতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির ভালুকা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার। আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম।