আলোচনায় ৪০ শতাংশ সংখ্যালঘু ভোটার

Date: 2026-02-02
news-banner

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ধীরে ধীরে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নী জোটের মধ্যে হতে পারে প্রতিদ্বন্দ্বিতা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৪০ শতাংশ সংখ্যালঘু ভোটার। কারণ স্বাধীনতা-পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ রেখেছে বলে স্থানীয়দের মত।
নির্বাচন কমিশন সূত্র ও পূর্ববর্তী নির্বাচনের ভোটার তালিকা বিশ্লেষণে জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২৫৪ জন । নারী ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৪০ জন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। ফলে এই ভোটারদের অংশগ্রহণ এবারের নির্বাচনে ফলাফল পাল্টে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

নির্বাচন সামনে রেখে গ্রেপ্তার, মামলা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছেন অনেক ভোটার। তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করছেন তারা; যাতে শঙ্কামুক্ত পরিবেশে সংখ্যালঘু ভোটাররা ভোটকেন্দ্রে আসেন। 
পৌর সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রতন দাশ বলেন, ‘আমরা সাধারণ মানুষ। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নই। কিন্তু নির্বাচন এলেই আমাদের মনে ভয় কাজ করে, ভোট দিতে গেলে হয়রানির শিকার হতে হবে না তো! আগের অভিজ্ঞতা আমাদের এই আতঙ্ক তৈরি করেছে। আমরা সবাই নির্ভয়ে ভোট দিতে চাই। চাই শান্তিপূর্ণ পরিবেশ।’ 
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক তাপস দে বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় কখনোই কোনো একক রাজনৈতিক দলের অনুসারী বা প্রতিনিধিত্বকারী নয়। সরকার ও নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে একটি নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে সংখ্যালঘু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। সে ক্ষেত্রে তারা দল নয়, যোগ্যতা, সততা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচন করবেন।’

পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শ্যামল দে বলেন, ‘নির্বাচন এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মনে আতঙ্ক বিরাজ করে। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা হামলা, ভয়ভীতি ও রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর দায়িত্বশীল ও আন্তরিক আচরণ প্রত্যাশা করি।’ 

পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু দেবাশীষ দে ও নিখিল দে বলেন, ‘ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান চাওয়া হলো নিরাপত্তা ও নির্ভার পরিবেশ।’
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার রাজনীতি করে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার পটিয়ায় একটি বড় শক্তি। আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।’
জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি আমরা করি না।’

ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবে।’ 

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। সকল ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ভোটার হয়রানি বা ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ‘ত্রয়োদশ নির্বাচন একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসন নিরপেক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। কেউ যেন ভোট দিতে এসে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আমরা কঠোরভাবে নজর রাখব।’ 

advertisement image

Leave Your Comments

Trending News