সবাই যার যার ভোটকেন্দ্র পাহারায় রাখবেন: রুমিন ফারহানা

Date: 2026-01-26
news-banner

যার যার ভোটকেন্দ্র পাহারায় রাখার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আপনারা সবাই ১২ ফেব্রুয়ারি ভোরে ভোটকেন্দ্রে যাবেন এবং রাতে ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্র ছাড়বেন। যেহেতু আমার কোনো বড় দল নেই, দলের নেতাকর্মী বা কমিটি নেই, সুতরাং আপনারাই আমার নেতাকর্মী। আপনারাই আমার কমিটি। আপনারা সবাই যার যার ভোটকেন্দ্র পাহারায় রাখবেন। 

শনিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ডিসেম্বরে তাঁকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনে বিএনপি জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)।

পথসভায় ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আমার কাছে দল-মত-বর্ণ কোনো পার্থক্য নেই। ভোটার সবাই আমার কাছে সমান। সুতরাং হাঁস মার্কায় ভোট হবে জনগণের পক্ষে। হাঁস মার্কায় ভোট হবে অন্যায়ের বিপক্ষে। হাঁস মার্কায় ভোট হবে উন্নয়নের লক্ষ্যে। হাঁস মার্কায় ভোট হবে মানুষের বিজয়ের লক্ষ্যে। 

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক প্রমুখ।

advertisement image

Leave Your Comments

Trending News