বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

Date: 2026-01-24
news-banner

দীর্ঘ এক মাসের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে দলীয় অর্জনে রাজশাহী সেরা হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ভিন্ন দলের তারকারাও। ব্যাটে সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন এবং বলে চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম সবার ওপরে জায়গা করে নিয়েছেন।

দল ফাইনালে যেতে না পারলেও ব্যাট হাতে পুরো টুর্নামেন্টজুড়ে আধিপত্য বিস্তার করেছেন সিলেট টাইটান্সের ওপেনার পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনিই। ৩টি হাফ সেঞ্চুরি হাঁকানো ইমনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয়। ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৮২ রান। সেঞ্চুরির পাশাপাশি ৩টি ফিফটি রয়েছে তার, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৯ রান।

তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত আছেন যথাক্রমে তিন ও চারে। ফাইনালে সেঞ্চুরি হাঁকানো তানজিদ ১৩ ম্যাচে ৩৫৬ রান করেছেন। তার ঝুলিতে আছে ১টি করে সেঞ্চুরি ও ফিফটি। সমান ম্যাচে মাত্র ১ রান কমে ৩৫৫ রান নিয়ে চারে অধিনায়ক শান্ত। তিনিও ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটি করেছেন। পঞ্চম স্থানে থাকা রংপুরের ডেভিড মালান ৯ ম্যাচে করেছেন ৩০০ রান।

ব্যাটারদের দাপটের ভিড়ে বল হাতে ইতিহাস গড়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম। দল রানার্সআপ হলেও তিনি গড়েছেন এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে গত আসরের তাসকিন আহমেদের (২৫ উইকেট) রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছেন এই বাঁহাতি পেসার। তার সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট।

শরিফুলের পরেই রয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি (সেরা ৫/৭)। চমক দেখিয়েছেন রাজশাহীর তরুণ পেসার রিপন মন্ডল। মাত্র ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন তিনি (সেরা ৪/১৩)।

এছাড়া নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ, রাজশাহীর বিনুরা ফার্নান্দো এবং রংপুরের মোস্তাফিজুর রহমান তিনজনই ১৬টি করে উইকেট শিকার করেছেন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম সেরা শেখ মেহেদী ও আমের জামাল।

advertisement image

Leave Your Comments

Trending News