বিপিএল শেষ, বিশ্বকাপ নেই, লিটনদের ভরসা এখন বিসিএল

Date: 2026-01-24
news-banner

লিটন কুমার দাসদের এখন লাগেজ গোছানোর কথা ছিল। পরিবারের সঙ্গে একান্ত কিছুটা সময় কাটিয়ে যাওয়ার কথা ছিল ভারতের বেঙ্গালুরুতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে। বাংলাদেশ সরকার নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় লিটনদের এখন আর ব্যাগ গোছানোর তাড়া নেই। পরিবারের কাছ থেকেও ছুটি নেওয়ার প্রয়োজন হবে না। বিশ্বকাপ দলের ক্রিকেটারদের এখন অফুরান ছুটি। টি২০ বিশ্বকাপের দর্শক হিসেবে পরিবারকে সঙ্গে নিয়ে খেলা দেখতে পারবেন টিভিতে। 

জানা গেছে, বিসিবি কর্তারা ভিন্ন পরিকল্পনাও করছেন। ক্রিকেটারদের প্রশিক্ষণের মধ্যে রাখতে চান তারা। প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের ক্রিকেটারদের লিগে খেলার পরামর্শ দেবেন। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে বয়সের সীমা নাও রাখা হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে এ মুহূর্তে এ ছাড়া কোনো বিকল্পও নেই।

টি২০ বিশ্বকাপ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে টাইগারদের। ২০২৭ সালের ৩০ মার্চের মধ্যে সেরা আট দলে থাকতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য অর্জন করতে হলে এ বছর অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজগুলোতে ভালো করতে হবে মেহেদী হাসান মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সে মিশন শুরু। দেশের মাটিতে সিরিজটি জেতার পরিকল্পনা নিয়ে খেলতে চায় বাংলাদেশ। মানসিকভাবে ক্রিকেটারদের প্রস্তুত রাখতে হলেও খেলার মধ্যে রাখতে চায় ক্রিকেট বোর্ড। 

এ ব্যাপারে বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খেলা চালাতে পারব না। ১৭ ফেব্রুয়ারি থেকে খেলা মাঠে গড়াবে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হওয়ার কথা আছে। ক্রিকেটাররা লিগের খেলা নিয়ে ব্যস্ত থাকতে পারবে। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের নিয়ে হওয়ার কথা। প্রয়োজনে বয়সের সীমা তুলে দেওয়া হবে, যাতে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারে।’

বিসিবির সঙ্গে বিরোধ থাকায় লিগ বয়কট করা ৪৫টি ক্লাবের মধ্যে আটটি ঢাকা প্রিমিয়ার লিগের। ফলে চারটি দল নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব হবে না। বিসিএলকেই খেলার মঞ্চ করে দিতে হবে ক্রিকেটারদের জন্য। কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বিসিএলকে ফোকাস করছেন। 

জাতীয় দল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘শুধু অনুশীলন দিয়ে ক্রিকেটারদের ফোকাসে রাখা সম্ভব হবে না। বিসিএলে খেলার ব্যবস্থা করতে হবে। কারণ, মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে।’ 

বিসিবি টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মো. কায়সার বলেন, ‘২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট করার পরিকল্পনা। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। এখন বোর্ড যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই করা হবে।’ 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের খেলাগুলো হবে ১২, ২৪ ও ১৬ জানুয়ারি। বিসিএল শেষ করে তানজিদ হাসান তামিমরা সিরিজটি খেলতে পারবেন। এপ্রিল-মে মাসে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবেন লিটনরা। পাকিস্তানের সঙ্গে মে মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজও আছে। হোম সিরিজটি শুরুর আগে বিসিএল চার দিনের ক্রিকেট খেলবেন মুমিনুল হকরা। কাউসার জানান, জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম দুই রাউন্ড খেলবেন চার দিনের লিগে।

advertisement image

Leave Your Comments

Trending News