অনেকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছেন

Date: 2026-01-24
news-banner

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী শোডাউন করেছেন ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে জামায়াত প্রার্থীর নেতৃত্বে একটি গণমিছিল শুরু হয়। 

মিছিলটি প্রধান সড়ক হয়ে পেকুয়া বাজারের পশ্চিমে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০-২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘অনেকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। আমরা বলতে চাই, জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠন করব, সরকার গঠন করব। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অন্য দলকে রায় দিলেও আমরা সহযোগিতা করব। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, ভোট ডাকাতি হয় তাহলে ২৪ এর মতো আরেকটা গণঅভ্যুত্থান হবে।’

জামায়াত প্রার্থী আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া তাঁর সবচেয়ে বড় শক্তি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চকরিয়া-পেকুয়াবাসীর সমর্থনে বিজয়ী হলে ইসলাম, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত অটল থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও মানবিক চকরিয়া-পেকুয়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। তাই চকরিয়া-পেকুয়াবাসীর নতুন স্লোগান হোক– ‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।’
গণমিছিল ও পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমির ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদী প্রমুখ।

advertisement image

Leave Your Comments

Trending News