এ আর রহমানের মন্তব্য নিয়ে বিতর্ক, কঙ্গনার ক্ষোভ

Date: 2026-01-21
news-banner

অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই মন্তব্য নিয়ে যখন আলোচনা–সমালোচনা চলছে, তখন রহমানের দিকে আঙুল তুলে ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।

ঘটনার সূত্রপাত এ আর রহমানের সম্প্রতি এক সাক্ষাৎকার ঘিরে। সেখানে অস্কারজয়ী সুরকার অভিযোগ করেন, গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। এর পেছনে বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনকে দায়ী করেন এই সুরকার।

এ আর রহমান বলেন, ‘গত আট বছরে ক্ষমতার পরিবর্তনের পর থেকে এসব ঘটছে। কারণ, ক্ষমতা এখন এমন কিছু মানুষের হাতে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও এর একটি কারণ হতে পারে। তবে এগুলো কেউ সরাসরি আমার মুখের ওপর বলেনি।’

কারও নাম না নিলেও রহমানের মন্তব্যে রাজনৈতিক দল বিজেপির দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।

কঙ্গনা রনৌত। ছবি: ইন্সটাগ্রাম

এ আর রহমানের অভিযোগের পর তাঁকে ‘পক্ষপাতদুষ্ট’ বলেও উল্লেখ করেছেন কঙ্গনা। কাজ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

কঙ্গনা লেখেন, ‘প্রিয় রহমানজি, আমি বিজেপিকে সমর্থন করি বলেই ইন্ডাস্ট্রিতে পক্ষপাতিত্ব ও বৈষম্যের শিকার হয়েছি। তবুও বলতে বাধ্য হচ্ছি, আপনার মতো পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি খুব কমই দেখেছি।’

নিজের পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’র প্রসঙ্গও টানেন কঙ্গনা। চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি তিনি নিজেই পরিচালনা ও প্রযোজনা করার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। প্রায় ৬০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করতে পেরেছে মাত্র ১৭ কোটি রুপি।

এই সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি আমার পরিচালিত “ইমার্জেন্সি” ছবির চিত্রনাট্য আপনাকে শোনাতে চেয়েছিলাম। গল্প পড়া তো দূরের কথা, আপনি আমার সঙ্গে দেখাও করতে অস্বীকার করেছিলেন। আমাকে বলা হয়েছিল, আপনি কোনো একপেশে প্রচারমূলক ছবির অংশ হতে চান না।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা।

advertisement image

Leave Your Comments

Trending News